ব্যাটারদের দুরবস্থা নিয়ে যা বললেন তাসকিন
খেলা ডেস্ক
০৫ নভেম্বর ২০২৬, ২০:১৩
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর থেকেই ব্যাট হাতে ধারাবাহিকতার অভাবে ভুগছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টেও সেই চিত্রের পরিবর্তন হয়নি। ব্যাটারদের এমন দুঃসময়ে তাদের পাশে দাঁড়িয়েছেন পেসার তাসকিন আহমেদ। সতীর্থদের ওপর আস্থা রেখে তার প্রত্যাশা, চলতি টেস্টেই ঘুরে দাঁড়াবেন ব্যাটাররা।
এ প্রসঙ্গে তাসকিন বলেন, ‘বোলিং ইউনিট যেটা করে, সবাই সবার সঙ্গে সাফল্যের গল্প ও প্রক্রিয়া ভাগাভাগি করে। আমার এক কথাতে টিমমেটের উপকার হতে পারে। এটা আমরা বিশ্বাসও করি। কারও মধ্যে এমন কিছু নেই যে আমি বলে দিলে সে জেনে যাচ্ছে। ব্যাটারদের একটু দুঃসময় যাচ্ছে, আশা করি এই টেস্ট দিয়েই ওরা কামব্যাক করবে।’
এদিকে পেসারদের কাজের চাপ নিয়েও কথা বলেছেন তাসকিন। তিনি বলেন, ‘ওয়ার্কলোড আগের তুলনায় অনেক ভালোভাবে সামাল দিচ্ছে ম্যানেজমেন্ট থেকে। টেস্টে আপনাকে প্রস্তুত থাকতে হবে, দলের প্রয়োজন অনুযায়ী কত ওভার বোলিং করা লাগবে, ওটা ম্যাটার করে না। খুব বেশি হয়েছে এমনও না। ওভার শেষ হওয়ার আগেই তো কলড অফ হয়ে গেল।’
ফিল্ডিংয়ে ক্যাচ মিসের প্রবণতা নিয়েও নিজের পর্যবেক্ষণ জানিয়েছেন এই পেসার। তাসকিন বলেন, ‘আগের তুলনায় স্লিপ-গালিতে ক্যাচের হার বেড়েছে। একটা সময় অনেক ড্রপ হয়েছে। এখন আগের তুলনায় চান্স বেশি কাজে লাগছে। সবাই উন্নতির জন্য চেষ্টা করছে।’
আগামী দিনের খেলা নিয়ে আশাবাদী তাসকিন। তার মতে, ম্যাচের নিয়ন্ত্রণ নিতে হলে প্রথম সেশনটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেশন ধরে লক্ষ্য নিয়ে এগোতে পারলে ভালো ফল পাওয়া সম্ভব। তিনি বলেন, ‘কাল প্রথম সেশন গুরুত্বপূর্ণ। সেশন বাই সেশন টার্গেট নিয়ে গেলে, ইনশাআল্লাহ ভালো কিছু হবে।’