কোটিপতি নাইমের ফিফটিতে ঢাকাকে ১০ উইকেটে হারাল চট্টগ্রাম
খেলা ডেস্ক
০২ জানুয়ারি ২০২৬, ১৭:০৪
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে যেন একপেশে মহড়া দিলো চট্টগ্রাম রয়্যালস। কোটিপতি মোহাম্মদ নাইম শেখ ও অ্যাডাম রশিংটনের দাপুটে ফিফটিতে ঢাকা ক্যাপিটালসকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারাল বন্দর নগরীর দলটি। বিপিএলে প্রথম তিন ম্যাচে এটা চট্টগ্রামের দ্বিতীয় জয়।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরুতে টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠান চট্টগ্রাম অধিনায়ক শেখ মেহেদী হাসান। সিদ্ধান্তের পরপরই তা সঠিক প্রমাণ করতে শুরু করেন বোলাররা। পাওয়ার প্লেতেই ঢাকার ব্যাটিংয়ে ধস নামান পেসার শরিফুল ইসলাম। সাইফ হাসান ১ ও জুবাইদ আকবরী ২ রান করে দ্রুতই সাজঘরে ফেরেন।

শুরুর ধাক্কা সামলাতে পারেনি ঢাকা ক্যাপিটালস। উসমান খান ২১ রান করে কিছুটা চেষ্টা করলেও অন্যপ্রান্তে চলতে থাকে উইকেট পতনের মিছিল। মিঠুন ৮, শামীম ৪, সাব্বির ৯ ও ইমাদ ওয়াসিম ৯ রান করে ফিরে যান। অষ্টম উইকেটে সাইফউদ্দিন ও নাসিরের ৪৮ রানের জুটিতে কোনোভাবে একশো পার করে ঢাকা।
সাইফউদ্দিন দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন, নাসির যোগ করেন ১৭। শেষদিকে তাসকিন আহমেদ ৫ রানে আউট হন, সালমান মির্জা থাকেন শূন্য হাতে। সব উইকেট হারিয়ে ঢাকার সংগ্রহ দাঁড়ায় মাত্র ১২২ রান।
বল হাতে চট্টগ্রামের হয়ে দুর্দান্ত ছিলেন তানভীর ইসলাম। চার ওভারে মাত্র ৮ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি। সমান তিনটি উইকেট নেন শরিফুল ইসলাম, রান দেন ১৮। অধিনায়ক শেখ মেহেদী হাসান পান দুটি এবং আমির জামাল নেন একটি উইকেট।

১২৩ রানের মামুলি লক্ষ্য তাড়ায় নামা চট্টগ্রাম রয়্যালসের ব্যাটসম্যানরা কোনো চাপই নেননি। শুরুতে দেখে-শুনে খেললেও ধীরে ধীরে ঢাকার বোলারদের ওপর চড়াও হন দুই ওপেনার অ্যাডাম রশিংটন ও মোহাম্মদ নাইম শেখ। তাদের অপ্রতিরোধ্য জুটিতে ম্যাচ যে কোন দিকে যাচ্ছে, তা স্পষ্ট হয়ে যায় দ্রুতই।
শেষ পর্যন্ত ৪৪ বল ও সবকটি উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে চট্টগ্রাম। মাত্র ৩৬ বলে ৯টি চার ও ২টি ছয়ে ৬০ রান করে অপরাজিত থাকেন রশিংটন। আর বিপিএলের নিলামে সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকায় বিক্রি হওয়া নাইম শেখ ৪০ বলে ৭টি চার ও ১টি ছয়ে ৫৬ রান করে অপরাজিত থাকেন।
এমআই