বিপিএলে নিজেকে প্রমাণ করতে চান সাদমান
খেলা ডেস্ক
০১ জানুয়ারি ২০২৬, ২১:৩০
নিলামের প্রথম ডাকেই নাম ওঠেনি। কোনো দলই আগ্রহ দেখায়নি তখন। তবে অপেক্ষার পরিসমাপ্তি ঘটেছে শেষমেশ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সুযোগ পেয়েছেন সাদমান ইসলাম। আসরের বাকি অংশে চট্টগ্রাম রয়েলসের জার্সিতে মাঠে নামবেন এই টেস্ট ওপেনার। আর সুযোগ পেতেই স্পষ্ট করে জানিয়ে দিলেন নিজের লক্ষ্য।
বৃহস্পতিবার সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে চট্টগ্রাম রয়েলসে সুযোগ পাওয়া নিয়ে সাদমান বলেন, ‘আলহামদুলিল্লাহ। অবশ্যই সবারই ইচ্ছা থাকে সব ফরম্যাট খেলার। সুযোগ যখন এসেছে, এখন নিজেকে প্রমাণ করার সময়। ইনশাআল্লাহ সুযোগ পেলে চেষ্টা করব যেভাবে এনসিএল টি-টোয়েন্টি খেলেছি, সেভাবেই ব্যাটিং করার।’
সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ঘরোয়া টুর্নামেন্টে সেঞ্চুরি করেছেন সাদমান ইসলাম। টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য নিজের প্রস্তুতি নিয়েও আশাবাদী এই বাঁহাতি ওপেনার। সাদমান আরও বলেন, ‘এনসিএল টি-টোয়েন্টিতে যেভাবে অনুশীলন করেছি, যেভাবে খেলেছি—ওটা যদি ধরে রাখতে পারি, তাহলে আশা করি ভালো হবে।’
টেস্ট ক্রিকেটের নিয়মিত মুখ হলেও টি-টোয়েন্টিতে সুযোগ তুলনামূলক কম, সে বাস্তবতাও অস্বীকার করেননি সাদমান।
বাঁহাতি এই ওপেনার বলেন, ‘টি-টোয়েন্টি তো সবসময় খেলা হয় না। টেস্টের সঙ্গে যদি ওয়ানডে বা টি-টোয়েন্টি থাকে, তখন প্রস্তুতির একটা সময় পাওয়া যায়। কিন্তু হুট করে টি-টোয়েন্টি এলে আলাদা প্রস্তুতি দরকার হয়। আল্লাহর রহমতে এখানে দুই-তিন দিন সময় পেয়েছি। চেষ্টা করছি নিজেকে যতটা সম্ভব প্রস্তুত রাখার।’
এমআই