Advertisement
Us Bangla Airlines
২০২৬ সালে বাংলাদেশ দলের ম্যাচ কবে, কোথায়?

২০২৬ সালে বাংলাদেশ দলের ম্যাচ কবে, কোথায়?

খেলা ডেস্ক

০১ জানুয়ারি ২০২৬, ১৬:২৯

২০২৬ সাল বাংলাদেশের ক্রিকেটে হতে যাচ্ছে ব্যস্ততা আর চ্যালেঞ্জে ঠাসা এক বছর। আইসিসির ভবিষ্যৎ সফর সূচি অনুযায়ী, বছরজুড়ে দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশ খেলতে পারে অন্তত ১০টি টেস্ট, ২০টি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো কঠিন সফরের সঙ্গে ঘরের মাঠেও অপেক্ষা করছে একের পর এক গুরুত্বপূর্ণ সিরিজ।

বছরের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেটে তেমন ব্যস্ততা নেই। জানুয়ারি জুড়ে দেশের ক্রিকেটের কেন্দ্রবিন্দু থাকবে বিপিএল। টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে ফেব্রুয়ারিতে শুরু হবে আন্তর্জাতিক ব্যস্ততা। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও নেপাল। গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচ খেলবে কলকাতায়, শেষ ম্যাচটি মুম্বাইয়ে।

বিশ্বকাপ শেষে মার্চে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজে রয়েছে দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। পাকিস্তান সুপার লিগের সূচির কারণে সিরিজটি হবে দুই ধাপে—পিএসএলের আগে ও পরে।

এপ্রিলে আবারও দেশের মাঠে সিরিজ নিউজিল্যান্ডের বিপক্ষে। কিউইদের সফরে থাকছে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ। জুনে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের মূল ব্যস্ততা শুরু হবে বছরের দ্বিতীয়ার্ধে। জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে দুটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে খেলবে টাইগাররা। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে সিরিজটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জিম্বাবুয়ে সফর শেষে সরাসরি আয়ারল্যান্ডে যাবে বাংলাদেশ। সেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দল।

অগাস্টে ২৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়া সফরে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটি হবে ম্যাকাই ও ডারউইনে। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের সর্বশেষ টেস্ট খেলাটা হয়েছিল ২০০৩ সালে। দীর্ঘ বিরতির পর আবারও সেই মঞ্চে ফিরছে লাল-সবুজ।

অক্টোবরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। ক্যারিবিয়ানদের সফরে থাকছে কেবল দুটি টেস্ট ম্যাচ। বছরের শেষ ভাগে, নভেম্বর–ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ। সফরে দুটি টেস্টের পাশাপাশি তিনটি ওয়ানডে ম্যাচ রয়েছে, যা আগামী ওয়ানডে বিশ্বকাপ প্রস্তুতির জন্যও গুরুত্বপূর্ণ।

সবমিলিয়ে ২০২৬ সাল হতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটের জন্য লম্বা, কঠিন এবং নিরীক্ষামূলক এক বছর। সময়সূচিতে পরিবর্তন আসতে পারে, তবে নিশ্চিতভাবেই সামনে অপেক্ষা করছে মাঠে মাঠে ছুটে চলার এক ব্যস্ত মৌসুম।

২০২৬ সালে বাংলাদেশ দলের সম্ভাব্য ম্যাচ সূচি

মাস প্রতিপক্ষ ভেন্যু ফরম্যাট
জানুয়ারি বাংলাদেশ বিপিএল (ঘরোয়া)
ফেব্রুয়ারি ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি, নেপাল ভারত (কলকাতা, মুম্বাই) টি-টোয়েন্টি বিশ্বকাপ
মার্চ পাকিস্তান বাংলাদেশ ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি
এপ্রিল নিউজিল্যান্ড বাংলাদেশ ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি
জুন অস্ট্রেলিয়া বাংলাদেশ ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি
জুলাই জিম্বাবুয়ে জিম্বাবুয়ে ২ টেস্ট, ৫ ওয়ানডে
জুলাই–আগস্ট আয়ারল্যান্ড আয়ারল্যান্ড ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি
আগস্ট অস্ট্রেলিয়া ম্যাকাই, ডারউইন ২ টেস্ট
অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ ২ টেস্ট
নভেম্বর–ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা ২ টেস্ট, ৩ ওয়ানডে

এমআই