পুনরায় বিপিএলের ম্যাচ সূচি পাল্টাল বিসিবি
খেলা ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৫, ২১:২০
একদিনেই দু’দফা সিদ্ধান্ত বদলাতে হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিপিএলের নির্ধারিত দুটি ম্যাচ স্থগিত করা হয়। প্রথমে জানানো হয়েছিল, ম্যাচ দুটি আগামী বুধবার অনুষ্ঠিত হবে। তবে কয়েক ঘণ্টার ব্যবধানে সেই সিদ্ধান্ত থেকেও সরে এলো বোর্ড।
বিসিবির সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, স্থগিত হওয়া ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী ৪ জানুয়ারি। এ ছাড়া ৩১ ডিসেম্বর বিপিএলের কোনো ম্যাচই হবে না। সরকারের পক্ষ থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ও একদিন সাধারণ ছুটি ঘোষণার প্রেক্ষিতে, বুধবার রাষ্ট্রীয় শোকের প্রথম দিন হওয়ায় এদিন খেলা না রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, ৩০ ডিসেম্বর স্থগিত হওয়া ম্যাচগুলো সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামেই ৪ জানুয়ারি আয়োজন করা হবে। তবে ম্যাচ শুরুর সময় এখনো জানানো হয়নি। একই সঙ্গে নিশ্চিত করা হয়েছে, ১ ও ২ জানুয়ারির পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সিলেট পর্বের ম্যাচগুলো যথারীতি অনুষ্ঠিত হবে।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে দুপুর ১টায় সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালস এবং সন্ধ্যা ৬টায় রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হওয়ার কথা ছিল। এই দুই ম্যাচই পিছিয়ে গেছে ৪ জানুয়ারিতে। ফলে ৫ জানুয়ারি চট্টগ্রাম পর্ব শুরু হওয়ার যে পরিকল্পনা ছিল, সেটিও পরিবর্তিত হতে পারে বলে বিসিবির বিবৃতিতে ইঙ্গিত দেওয়া হয়েছে।
এদিকে হঠাৎ করে ম্যাচ স্থগিতের ঘোষণায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়। তবে দর্শকদের জন্য স্বস্তির খবরও দিয়েছে বিসিবি। ৩০ ডিসেম্বরের ম্যাচের জন্য যারা টিকিট কেটেছিলেন, সেই টিকিটেই তারা ৪ জানুয়ারির ম্যাচ দেখতে পারবেন।
এমআই