Advertisement
Us Bangla Airlines
৭ রানে ৮ উইকেট নিয়ে বাঁহাতি স্পিনারের বিশ্বরেকর্ড

৭ রানে ৮ উইকেট নিয়ে বাঁহাতি স্পিনারের বিশ্বরেকর্ড

খেলা ডেস্ক

২৬ ডিসেম্বর ২০২৫, ২২:২৭

ক্রিকেটের ইতিহাসে এমন দিন খুব কমই আসে, যেদিন একজন বোলার একাই ম্যাচটাকে গল্পে পরিণত করেন। গেলেফুতে ঠিক সেটাই করলেন ভুটানের ২২ বছর বয়সী বাঁহাতি স্পিনার সোনাম ইয়েশে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র ৭ রানে ৮ উইকেট নিয়ে গড়ে ফেললেন নতুন বিশ্ব রেকর্ড।

এর আগে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে একজন বোলারের সাত উইকেট নেওয়ার কীর্তি হয়েছিল দুইবার। ২০২৩ সালে চীনের বিপক্ষে মালয়েশিয়ার সিয়াজরুল ইদ্রুস ৮ রানে নেন ৭ উইকেট। চলতি বছর ভুটানের বিপক্ষে বাহরাইনের আলী দাউদ নেন ৭ উইকেট, খরচ করেন ১৯ রান। এবার সেই সব কীর্তিকে ছাপিয়ে গেলেন সোনাম।

আজ শুক্রবার গেলেফু ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ফিল্ডিং নেয় মায়ানমার। আগে ব্যাট করে ভুটান নামগাং চেজারের ৫০ রানের ইনিংসে ভর করে ৯ উইকেটে তোলে ১২৭ রান। লক্ষ্যটা বড় না হলেও, আসল ঝড়টা তখনও বাকি।

১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সোনামের স্পিন তাণ্ডবে দাঁড়াতেই পারেনি মায়ানমার। তৃতীয় ওভারে প্রথম চার বলেই তুলে নেন তিন উইকেট। দ্বিতীয় ওভারে যোগ করেন আরেকটি শিকার। শেষ দুই ওভারে ফের জোড়া আঘাত—একাই গুঁড়িয়ে দেন প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ।

৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ৭ রান দিয়ে ৮ উইকেট। সংখ্যাগুলোই বলে দিচ্ছে, কী ভয়ংকর ছিল সোনামের বোলিং। মায়ানমারের পক্ষে কেবল দুই ওপেনার কোনোমতে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। শেষ পর্যন্ত ৪৫ রানেই অলআউট হয়ে যায় তারা।

এই ম্যাচে ৮২ রানের বিশাল জয় পায় ভুটান। পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে আগেভাগেই সিরিজ নিশ্চিত করে তারা। আর সেই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের নামটা সোনালি অক্ষরে লিখে রাখলেন সোনাম ইয়েশে। ৭ রানে ৮ উইকেট, এক অবিশ্বাস্য বিশ্ব রেকর্ড।

এমআই