Advertisement
Us Bangla Airlines
বিপিএল শুরুর আগেই জয়ের দেখা পেল রাজশাহী

বিপিএল শুরুর আগেই জয়ের দেখা পেল রাজশাহী

খেলা ডেস্ক

২২ ডিসেম্বর ২০২৫, ২০:০৫

বিপিএল মাঠে গড়াতে এখনো কয়েক দিন বাকি, তবে আগেই জয়ের স্বাদ পেয়ে গেল রাজশাহী ওয়ারিয়র্স। প্রস্তুতি ম্যাচে রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়ে আত্মবিশ্বাসী শুরু করল নাজমুল হোসেন শান্তর দল। তাতে জয়ের স্বাদ নিয়ে সিলেটে পাড়ি জমাবে বিপিএলের নতুন দলটি।

আজ (২২ ডিসেম্বর) ঢাকায় শেষ অনুশীলনের দিনে বসুন্ধরার রংপুর একাডেমি মাঠে মুখোমুখি হয় রংপুর ও রাজশাহী। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ঝলমলে করেছিল রংপুর। ইফতেখার আহমেদের ব্যাটে পাওয়ারপ্লেতে আসে ৫৭ রান। কিন্তু এরপরই ছন্দপতন।

মাঝের ওভারগুলোতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৫ উইকেটে ১৩৬ রানেই থামে ইনিংস। শেষ ১৪ ওভারে রংপুর তোলে মাত্র ৭৯ রান, হারায় ৪ উইকেট। এই ধসের নেপথ্যে ছিলেন রাজশাহীর দুই পেসার রিপন মণ্ডল ও আব্দুল গফফার সাকলাইন। দুজনেই ৩ ওভার করে বল করে নেন ২টি করে উইকেট।

রংপুরের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন ইফতেখার ইফতি। এনসিএল টি-টোয়েন্টিতে দারুণ পারফর্ম করে আলোচনায় আসেন এই ব্যাটার। তবুও বিপিএলের নিলামে শুরুতে জায়গা হয়নি। তবে পরবর্তী সংযুক্তিতে রংপুরের স্কোয়াডে যুক্ত হয়েই খেলেছেন ঝলমলে ইনিংস। এছাড়া তাওহীদ হৃদয় করেন ১৯ বলে ২৬, মৃত্যুঞ্জয়ের ব্যাট থেকে আসে ২১ রান।

লক্ষ্য তাড়ায় রাজশাহীর শুরুটাও ছিল আশাব্যঞ্জক। জিশান আলম ও তানজিদ তামিম গড়ে তোলেন ৪৪ রানের ওপেনিং জুটি। এরপর দ্রুত কয়েকটি উইকেট পড়লেও হাল ধরেন অধিনায়ক শান্ত। পঞ্চম উইকেটে আকবর আলীর সঙ্গে ৪৫ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন তিনি।

৩২ বলে ৩৪ রান করে স্বেচ্ছায় রিটায়ার হার্ট হন শান্ত। আকবর আলী ২১ বলে অপরাজিত ২৫ রান করে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। প্রীতি ম্যাচে ১১ বল হাতে রেখে জয়ের দেখা পায় রাজশাহী। রংপুরের হয়ে বোলিংয়ে কিছুটা উজ্জ্বল ছিলেন আব্দুল হালিম, ২.১ ওভারে ৭ রান দিয়ে নেন ২ উইকেট।

এমআই