৩০ বল হাতে রেখেই জয় পেল রংপুর
খেলা ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৫, ১৬:০১
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দাপুটে সূচনা করল রংপুর রাইডার্স। দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে একপ্রকার উড়িয়ে দিয়ে ৭ উইকেটের বড় জয় তুলে নেয় নুরুল হাসান সোহানের দল। লিটন দাস ও ডেভিড মালানের ঝরঝরে ব্যাটিংয়ে ৩০ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় রংপুর।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে পাঠানো চট্টগ্রামের শুরুটাই ছিল দুঃস্বপ্নের। ইনিংসের প্রথম বলেই নাহিদ রানার গতিময় ডেলিভারিতে ১ রান করে সাজঘরে ফেরেন ইংলিশ ব্যাটার অ্যাডাম রশিংটন। এরপর দ্বিতীয় উইকেটে মোহাম্মদ নাঈম শেখ ও মির্জা বেগ কিছুটা প্রতিরোধ গড়লেও ইনিংস বড় করতে পারেননি কেউই।
বেগ ২৪ বলে ২০ আর নাঈম ২০ বলে ৩৯ রান করে আউট হন। মাঝের ওভারে ফাহিম আশরাফ ও মুস্তাফিজুর রহমানের নিখুঁত বোলিংয়ে ছন্দ হারায় চট্টগ্রাম। একের পর এক উইকেট পড়তে থাকে, বড় জুটি গড়ার সুযোগই পায়নি কেউ। শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে মাত্র ১০২ রানে থামে রয়্যালস।

শেষ আট ব্যাটারের মধ্যে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল আবু হায়দার রনি—২১ বলে ১৩ রান। ফাহিম আশরাফ একাই নেন পাঁচ উইকেট, মুস্তাফিজুরের ঝুলিতে দুটি। সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনো চাপ নেয়নি রংপুর। শুরুতে দেখে-শুনে খেললেও সময়ের সঙ্গে সঙ্গে আক্রমণাত্মক হয়ে ওঠেন লিটন ও মালান।
চার-ছক্কায় দ্রুত রান তুলতে থাকেন তারা। ফিফটির পথে এগোচ্ছিলেন লিটন, তবে ৩ রানের আক্ষেপ নিয়ে ৩১ বলে ৪৭ রান করে ফিরতে হয় তাকে। তাওহীদ হৃদয় করেন মাত্র ১ রান। লিটন না পারলেও ঠিকই ফিফটি তুলে নেন ডেভিড মালান। ৪৮ বলে ৫১ রান করে থামেন তিনি, যদিও জয়ের মুহূর্তে মাঠে থাকা হয়নি তার।
এরপর মাহমুদউল্লাহ রিয়াদ ও খুশদিল শাহ নির্বিঘ্নে ম্যাচ শেষ করেন। মাহমুদউল্লাহ ১ ও খুশদিল ৬ রানে অপরাজিত থেকে নিশ্চিত করেন রংপুরের অনায়াস জয়। ৩০ বল হাতে রেখে এমন জয়ে বিপিএলের মঞ্চে শক্ত বার্তাই দিয়ে রাখল রংপুর রাইডার্স।
এমআই