Advertisement
Us Bangla Airlines
ম্যাচের মাঝেই মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ

ম্যাচের মাঝেই মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ

খেলা ডেস্ক

২৭ ডিসেম্বর ২০২৫, ১৩:৩২

বিপিএলের রঙিন মঞ্চে হঠাৎই নেমে এলো শোকের গভীর ছায়া। ক্রিকেট উৎসবের মাঝখানেই হৃদয়বিদারক ঘটনায় না ফেরার দেশে চলে গেলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ আসর শুরু করে ঢাকা ক্যাপিটালস। ম্যাচ শুরুর ঠিক আগমুহূর্তে ক্রিকেটারদের নিয়ে ওয়ার্মআপ ও অনুশীলন সেশন পরিচালনা করছিলেন মাহবুব আলী জাকি। আচমকাই অসুস্থ বোধ করেন তিনি। মুহূর্তের মধ্যেই মাঠে লুটিয়ে পড়েন অভিজ্ঞ এই কোচ।

পরিস্থিতির ভয়াবহতা বুঝে সঙ্গে সঙ্গে তাকে সিপিআর দেওয়া হয়। দ্রুত অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় সিলেটের আল হারামাইন হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হয়নি। জানা গেছে, হাসপাতাল নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

ঘটনার সময় মাঠের দুই প্রান্তে ওয়ার্মআপ করছিলেন রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা। কোচিং স্টাফদের মাঝেই হঠাৎ এই অঘটনে মুহূর্তে থমকে যায় পুরো স্টেডিয়াম। মাহবুব আলী মাঠে পড়ে যেতেই তাকে ঘিরে তৈরি হয় উদ্বিগ্ন জটলা।

প্রথমে ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে জানানো হয়েছিল, তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। তবে টিম ম্যানেজমেন্ট সূত্রে অল্প সময়ের মধ্যেই জানা যায়, তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হয়ে যায়।

এই হৃদয়বিদারক ঘটনার ধাক্কা সামলেও নির্ধারিত সময়েই ম্যাচ শুরু হয়। টস জিতে ফিল্ডিংয়ে নামে ঢাকা ক্যাপিটালস। তবে ক্রিকেট চললেও মাঠজুড়ে আর দর্শকদের মনে স্পষ্ট ছিল শোকের ভার। যুব বিশ্বকাপ জয়ী এই কোচের আকস্মিক মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে ক্রীড়াঙ্গনে।

এমআই