Advertisement
Us Bangla Airlines
বয়কট ইস্যুর পর সুজন বললেন, ‘বন্ডিং আরও ভালো হবে’

বয়কট ইস্যুর পর সুজন বললেন, ‘বন্ডিং আরও ভালো হবে’

খেলা ডেস্ক

২৫ ডিসেম্বর ২০২৫, ২২:৪০

রাত পোহালেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে টুর্নামেন্ট শুরুর আগের দিন বৃহস্পতিবারজুড়েই ছিল নাটকীয়তায় ঠাসা। সকালটা শুরু হয়েছিল চট্টগ্রাম রয়্যালসের মালিকানা পরিবর্তনের খবরে, আর দুপুর গড়াতেই অস্বস্তিকর শিরোনামে উঠে আসে নোয়াখালী এক্সপ্রেস।

নানা অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলীয় অনুশীলন বয়কট করেন নোয়াখালীর প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন ও বোলিং কোচ তালহা জুবায়ের। তবে বিকেলে অভিমান ভুলে আবার দলে ফেরেন দুজনই। অনুশীলনে ফিরে এসে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পুরো ঘটনাকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে ব্যাখ্যা করেন সুজন।

তিনি বলেন, ‘হিট অব দ্য মোমেন্টে হয়তো একটা ভুল বোঝাবুঝি হয়েছে। দলের মালিকদের ধন্যবাদ—ওনারা দুজনই আমার পেছনে দাঁড়িয়ে আছেন। আমার সঙ্গে কথা বলেছেন, বিসিবি থেকেও আমার সঙ্গে কথা বলা হয়েছে।’

ঘটনার পেছনের কারণ ব্যাখ্যা করে নোয়াখালীর প্রধান কোচ আরও জানান, ‘অনুশীলনে যে সামগ্রীগুলো দরকার ছিল, সেগুলো তখন পাইনি। তখন আমার একটু মেজাজ খারাপ হয়ে যায়। আমার সঙ্গে হয়তো একটু বাজে ব্যবহারও হয়েছে। আমি ভাবছিলাম, টুর্নামেন্ট এখনো শুরুই হয়নি—এখনই যদি এমন হয়, খেলা হারলে কী হবে? পুরো ঘটনাটাই ভুল বোঝাবুঝি।’

বরং এমন ঘটনা শুরুতেই হয়ে যাওয়ায় ইতিবাচক দিক দেখছেন সুজন। তাঁর মতে, ‘যেটা আজ হয়েছে, সেটা হয়তো একদিক থেকে ভালোই হয়েছে। পরে হওয়ার চেয়ে আগে হওয়াটাই ভালো। আমার মনে হয়, এই ঘটনার পর আমাদের দলের বন্ডিং আরও ভালো হবে—আমি সেটা বিশ্বাস করি।’

এদিকে বিপিএল শুরুর আগে নিয়ম অনুযায়ী ক্রিকেটারদের পারিশ্রমিকের প্রথম কিস্তির ২৫ শতাংশ পরিশোধ করেছে নোয়াখালী এক্সপ্রেস। এই বিষয়েও সন্তুষ্টির কথা জানান সুজন।

তিনি আরও বলেন, ‘আমি আমার ফ্র্যাঞ্চাইজি নিয়ে দারুণ খুশি। আমাদের কাপড়চোপড় থেকে শুরু করে ভালো মানের জার্সি, সব কিছুই ঠিক আছে। আজ খেলোয়াড়দের পারিশ্রমিক দেওয়া হয়েছে। আমি সত্যিই খুশি যে ওনারা কথা রেখেছেন, প্রতিশ্রুতি রেখেছেন। আশা করি পুরো টুর্নামেন্টজুড়েই ওনারা আমাদের পাশে থাকবেন।’

এমআই