Advertisement
Us Bangla Airlines
সাবিনাকে অধিনায়ক করে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

সাবিনাকে অধিনায়ক করে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

খেলা ডেস্ক

২৩ ডিসেম্বর ২০২৫, ২২:৪২

সাফ ফুটসাল টুর্নামেন্টকে সামনে রেখে নারী ও পুরুষ-দুই বিভাগেই ১৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মঙ্গলবার প্রকাশিত তালিকায় সবচেয়ে বড় চমক, নারী ফুটসাল দলের অধিনায়ক করা হয়েছে আলোচিত সাবিনা খাতুনকে।

আগামী ১৩ ও ১৪ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। নারী দলের নেতৃত্বে ফিরেছেন সাবিনা, যিনি এক সময় দীর্ঘদিন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক ছিলেন। ব্রিটিশ কোচ পিটার বাটলারের সঙ্গে বিদ্রোহের ঘটনার পর জাতীয় ফুটবল দলে আর ফেরা হয়নি তাঁর। 

তবে ফুটবল থেকে দূরে না থেকে সাবিনা বেছে নেন ফুটসাল, যেখানে শুরু থেকেই ছিলেন নিবেদিত। সাবিনার সঙ্গে ফুটসালে নিজেদের প্রস্তুত করেছেন মাসুরা, সুমাইয়া, নিলা ও কৃষ্ণা। ঘোষিত চূড়ান্ত স্কোয়াডে সাবিনার পাশাপাশি সুমাইয়া মাতসুমিসমাকে করা হয়েছে সহ-অধিনায়ক।

দীর্ঘ বিরতির পর ফুটবল অঙ্গনে ফিরছেন আরও দুই পরিচিত মুখ মার্জিয়া ও মিসরাত জাহান মৌসুমী। এক সময় জাতীয় নারী ফুটবল দলের নির্ভরযোগ্য সদস্য হলেও কয়েক বছর ধরে তাঁরা ছিলেন ক্যাম্পের বাইরে। ফুটসালের হাত ধরে আবার জাতীয় দলে জায়গা করে নিয়েছেন দু’জনই।

বাংলাদেশ নারী দল এর আগে ২০১৮ সালে এশিয়ান কাপ ফুটসাল বাছাইপর্বে অংশ নিয়েছিল, সেবারও অধিনায়ক ছিলেন সাবিনা খাতুন। সাত বছর পর আন্তর্জাতিক নারী ফুটসালে ফিরছে বাংলাদেশ, আর নেতৃত্বের দায়িত্বে আবারও সাবিনা।

পুরুষ ফুটসাল দলে বড় কোনো চমক নেই। ইন্দোনেশিয়ায় এশিয়ান ফুটসাল বাছাইয়ে নেতৃত্ব দেওয়া কানাডা প্রবাসী রাহবার খানই থাকছেন অধিনায়ক। সেই টুর্নামেন্টের বেশ কয়েকজন খেলোয়াড়ই জায়গা পেয়েছেন সাফ স্কোয়াডে। নতুন মুখ হিসেবে নজর কাড়ছেন ইংল্যান্ড প্রবাসী ইমান আলম।

এমআই