বিপিএল নিয়ে সুখবর দিল বিসিবি
খেলা ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৯
সব জটিলতা কাটিয়ে নির্ধারিত সময়েই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগামী ২৬ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের দ্বাদশ আসর। একই দিন আয়োজন করা হবে আসরের উদ্বোধনী অনুষ্ঠান, যা হবে সংক্ষিপ্ত পরিসরে।
বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু গণমাধ্যমকে জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেখে আগে ঢাকায় পরিকল্পিত উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হলেও, টুর্নামেন্টের প্রথম দিনেই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ছোট করে উদ্বোধনী আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার ক্রিকেটপ্রেমীদের জন্য স্বস্তির খবর দিল বিসিবি।
উদ্বোধনী দিনে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর ৩টায়। তার আগে আনুষ্ঠানিকভাবে বিপিএলের উদ্বোধন ঘোষণা করা হবে। ঐতিহ্য অনুযায়ী রাষ্ট্রপতি ও ক্রীড়া সচিবের প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ এবং খেলোয়াড়দের সঙ্গে হ্যান্ডশেকের আয়োজন থাকবে।
এ ছাড়া সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় শহীদ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হবে। মাঠেই অস্থায়ী স্টেজে স্বল্প সময়ের সাংস্কৃতিক আয়োজনও রাখা হয়েছে।
মিঠু জানান, সময়সূচি খুবই টাইট হওয়ায় জুমার নামাজের পর সোয়া দুইটার দিকে অনুষ্ঠান শুরু করে ১৫ মিনিটের মধ্যেই শেষ করা হবে। ম্যাচের বিরতিতেও ছোট পরিসরে আয়োজন থাকবে।
এমআই