Advertisement
Us Bangla Airlines
বিশ্বকাপের দল ঘোষণা করল পাকিস্তান

বিশ্বকাপের দল ঘোষণা করল পাকিস্তান

খেলা ডেস্ক

১৯ ডিসেম্বর ২০২৫, ২১:৪০

যুব ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে নামার প্রস্তুতি শুরু করে দিল পাকিস্তান। আগামী ১৫ জানুয়ারি নামিবিয়া ও জিম্বাবুয়েতে পর্দা উঠতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য এক মাস আগেই স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৬ ফেব্রুয়ারি।

চলমান যুব এশিয়া কাপের দল থেকে একটিমাত্র পরিবর্তন এনে বিশ্বকাপের স্কোয়াড চূড়ান্ত করেছে পিসিবি। বাঁহাতি স্পিনার মোহাম্মদ হুজাইফার জায়গায় দলে নেওয়া হয়েছে ডানহাতি পেসার উমর জাইবকে। বিশ্বকাপেও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ফারহান ইউসুফ।

বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। ২৭ ডিসেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ফারহানদের অভিযান। প্রতিটি দল একে অপরের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে এবং এই সিরিজেই ব্যবহার করা হবে বিশ্বকাপের ঘোষিত স্কোয়াড।

আসন্ন যুব বিশ্বকাপে পাকিস্তানের গ্রুপে রয়েছে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও স্বাগতিক জিম্বাবুয়ে। ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ, দুটো আসরেই দলের ম্যানেজার ও মেন্টরের দায়িত্ব পালন করবেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ।

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড
ফারহান ইউসুফ (অধিনায়ক), উসমান খান, আব্দুল সুবহান, আহমেদ হোসেন, আলী হাসান, আলী রাজা, দানিয়াল আলী খান, হামজা জাহর, হুজাইফা আহসান, মমিন কামার, মোহাম্মদ সায়েম, মোহাম্মদ সায়ান, নিকাব শফিক, সামির মিনহাজ ও উমর জাইব।

এমআই