Advertisement
Us Bangla Airlines
শেষ ১০ ওভারে ১১৩ রান করে জিতল রাজশাহী

শেষ ১০ ওভারে ১১৩ রান করে জিতল রাজশাহী

খেলা ডেস্ক

২৬ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৪

শেষ দশ ওভারে যেন ঝড় তুলল রাজশাহী ওয়ারিয়র্স। ১৯১ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে গিয়ে যেখানে ম্যাচটা সিলেটের হাতেই আছে বলে মনে হচ্ছিল, সেখানেই ব্যাট হাতে আগুন ঝরালেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। দুই অভিজ্ঞ ব্যাটারের ব্যাটে শেষ ১০ ওভারে আসে অবিশ্বাস্য ১১৩ রান। তাতেই বিপিএলের প্রথম ম্যাচেই জয়ের দেখা পেল রাজশাহী।

এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা ছিল বন্ধু বনাম বন্ধুর লড়াই দিয়ে। মেহেদী হাসান মিরাজের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ইঙ্গিত দেন শান্ত। টস জিতে আগে ব্যাট করতে নেমে সিলেট উড়ন্ত সূচনা পায় সাইম আইয়ুবের ব্যাটে। ১৫ বলে ২৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি।

এরপর জাজাই দ্রুত ফিরলেও রনি তালুকদার ও পারভেজ হোসেন ইমনের জুটিতে এগোয় সিলেট। সবচেয়ে উজ্জ্বল ছিলেন ইমন। তানজিম হাসান সাকিবের বিপক্ষে মাইন্ড গেমে জয়ী হয়ে তিনি খেলেন পরিণত ইনিংস। ২৮ বলে ফিফটি তুলে নেওয়ার পর শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৩৩ বলে ৬৫ রানে।

আফিফ হোসেন ধ্রুবের ১৯ বলে ৩৩ রানের ক্যামিওতে ভর করে সিলেট গড়ে তোলে ১৯০ রানের লড়াকু পুঁজি। রাজশাহীর হয়ে লামিচানে ২টি, বিনুরা-সাকিব একটি করে উইকেট শিকার করেছেন।

জবাবে নেমে শুরুতেই তানজিদ হাসান তামিমকে হারায় রাজশাহী। তবে এক প্রান্তে অটল থাকেন অধিনায়ক শান্ত। ফিফটি করার পর গিয়ার বদলান তিনি। তার সঙ্গে যোগ দেন মুশফিকুর রহিম। এরপর শুরু হয় রান-বন্যা। সিলেটের বোলারদের ওপর চড়াও হয়ে শেষ ১০ ওভারে তোলেন ১১৩ রান।

৫৮ বলে সেঞ্চুরি পূর্ণ করা শান্ত শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৬০ বলে ১০১ রানে। আর ৩১ বলে ৫১ রান করে জয়সূচক শটটি খেলেন মুশফিক। ৮ উইকেট ও ২ বল হাতে রেখে জিতে নেয় রাজশাহী। শেষ দশ ওভারের বিধ্বংসী ব্যাটিংয়ে উদ্বোধনী ম্যাচেই জিতল রাজশাহী ওয়ারিয়র্স।

এমআই