Advertisement
Us Bangla Airlines
নিরাপত্তা শঙ্কায় পাল্টে গেল ম্যাচ ভেন্যু

নিরাপত্তা শঙ্কায় পাল্টে গেল ম্যাচ ভেন্যু

খেলা ডেস্ক

২৩ ডিসেম্বর ২০২৫, ২১:৪২

নিরাপত্তা জটিলতায় আবারও বদলে গেল বিরাট কোহলি-ঋষভ পান্তদের ম্যাচের ভেন্যু। আলুর থেকে সরিয়ে নেওয়ার পর বেঙ্গালুরুর ঐতিহ্যবাহী এম চিন্নাসোয়ামি স্টেডিয়ামেও শেষ পর্যন্ত আয়োজন করা যাচ্ছে না বিজয় হাজারে ট্রফির ম্যাচ। এবার গন্তব্য বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্স (সিওই)।

কার্ণাটাকার স্বরাষ্ট্র দপ্তর মঙ্গলবার সকালে কার্ণাটাকা স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (কেএসসিএ) ভেন্যু পরিবর্তনের পরামর্শ দেয়। নিরাপত্তা শঙ্কা ও লজিস্টিক সমস্যার কারণেই প্রথমে আলুর থেকে ম্যাচটি চিন্নাসোয়ামিতে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সেখানেও ঝুঁকি থাকায় শেষ মুহূর্তে ভেন্যু সরিয়ে নেওয়া হলো সিওইতে।

বেঙ্গালুরুতে অনুষ্ঠিত কোনো ম্যাচেই দর্শকদের মাঠে ঢোকার অনুমতি দেওয়া হবে না, এ বিষয়টি নিশ্চিত করতেও কেএসসিএকে নির্দেশ দেওয়া হয়েছে। বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, অ্যারোস্পেস পার্ক এলাকায় অবস্থিত সিওইতে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকবে। গত দুই ম্যাচেও এই ভেন্যুতে দর্শকদের প্রবেশাধিকার ছিল না।

এদিকে কেএসসিএ আশাবাদী ছিল যে, কোহলি ও পান্তদের ম্যাচটি চিন্নাসোয়ামিতে আয়োজন করা যাবে। এমনকি গ্যালারির দুটি স্ট্যান্ড খুলে দিয়ে ২–৩ হাজার দর্শক বসানোর পরিকল্পনাও ছিল। কিন্তু সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কথা জানিয়ে রাজ্য সরকার সেই প্রস্তাবের কড়া বিরোধিতা করে।

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, উৎসবের মৌসুমে চিন্নাসোয়ামির আশপাশে কোনো বিশৃঙ্খলার ঝুঁকি নিতে চায়নি প্রশাসন। কেএসসিএ সভাপতি ভেঙ্কাটেশ প্রাসাদের দায়িত্ব নেওয়ার পর চিন্নাসোয়ামিকে ঘিরে নানা সংস্কারকাজ ও শীর্ষ পর্যায়ের ক্রিকেট ফেরানোর চেষ্টা চললেও বাস্তবতা এখনও কঠিন।

গত ৪ জুন আইপিএলের নতুন চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপা উদযাপনের সময় চিন্নাসোয়ামির চারপাশে ভয়াবহ ভিড়ের সৃষ্টি হয়। হুড়োহুড়িতে প্রাণ হারান ১১ জন, আহত হন অন্তত ৪৭ জন। সেই ঘটনার পর থেকে মাঠটিতে আর কোনো শীর্ষ পর্যায়ের ম্যাচ আয়োজন করা হয়নি।

এমআই