Advertisement
Us Bangla Airlines
আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে ধোঁকা দিলেন অস্ট্রেলিয়ার ইংলিশ

আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে ধোঁকা দিলেন অস্ট্রেলিয়ার ইংলিশ

খেলা ডেস্ক

১৯ ডিসেম্বর ২০২৫, ২২:৩৮

অস্ট্রেলিয়ার উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিশের বিয়ের খবরে আইপিএলে তৈরি হয়েছে বিতর্ক। বান্ধবী মেগান কিনকার্টকে বিয়ে করতে আগামী এপ্রিলের শুরুতেই ছুটি নেবেন তিনি। ফলে ২৬ মার্চ থেকে শুরু হওয়া আইপিএলের পুরো মৌসুমে তাকে পাওয়া যাবে না। এই খবর সামনে আসতেই ক্ষোভ প্রকাশ করেছেন তার কেনা পাঞ্জাব কিংসের মালিক নেস ওয়াদিয়া।

ইংলিশের বিয়ের সময়সূচি আইপিএলের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় টুর্নামেন্টের বড় অংশ মিস করবেন তিনি। সাম্প্রতিক মিনি নিলামে ৮.৬ কোটি রুপিতে ইংলিশকে দলে নেয় লখনৌ সুপার জায়ান্টস। অস্ট্রেলিয়ার এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ইংলিশ জানান, নিলামের সময় তার খুব বেশি প্রত্যাশা ছিল না; শেষ পর্যন্ত লড়াই করেই লখনৌ তাকে দলে নিয়েছে।

কিন্তু বিষয়টি যেভাবে জানানো হয়েছে, সেটিই ক্ষোভের মূল কারণ। নেস ওয়াদিয়ার অভিযোগ, দল ধরে রাখার সময়সীমা শেষ হওয়ার মাত্র ৪৫ মিনিট আগে ইংলিশ তার বিয়ের সিদ্ধান্তের কথা জানান। ওয়াদিয়ার মতে, এমন আচরণ পেশাদারসুলভ নয়। যদিও তিনি শেষ পর্যন্ত ইংলিশের ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন।

এদিকে পাঞ্জাব কিংসের কোচ রিকি পন্টিং আগেই ইঙ্গিত দিয়েছিলেন, পুরো মৌসুমে ইংলিশকে পাওয়া যাবে না বলেই তাকে ধরে রাখা হয়নি। ফলে পাঞ্জাব শিবিরের অসন্তোষ এখন প্রকাশ্যে।

আইপিএলে নিজের প্রথম মৌসুমে পাঞ্জাব কিংসের হয়ে ইংলিশ ১১ ইনিংসে ২৭৮ রান করেছিলেন। গড় ছিল ৩০-এর ওপরে, স্ট্রাইক রেট ১৬০-এর বেশি। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তিন নম্বরে নেমে খেলা ৭৩ রানের ইনিংসটি বিশেষভাবে আলোচনায় আসে।

এমআই