Advertisement
Us Bangla Airlines
মেসিকে না পেয়ে টব-চেয়ার-কার্পেট নিয়ে গেল ভারতীয়রা

মেসিকে না পেয়ে টব-চেয়ার-কার্পেট নিয়ে গেল ভারতীয়রা

খেলা ডেস্ক

১৩ ডিসেম্বর ২০২৫, ১৯:২১

মেসিকে এক ঝলক দেখার আশায় পাঁচ, দশ এমনকি পনেরো হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিলেন হাজার হাজার ফুটবলপ্রেমী। কিন্তু স্বপ্নভঙ্গ হলো দ্রুতই। মাত্র ২২ মিনিট মাঠে কাটিয়ে নিরাপত্তাজনিত কারণে গাড়িতে চেপে যুবভারতী ছাড়তে বাধ্য হলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। তাতেই উন্মত্ততার আগুন ছড়িয়ে পড়ল সল্টলেক স্টেডিয়ামে।

শনিবার কলকাতার বুকে যে দৃশ্য দেখা গেল, তা অনেকের চোখে ফিরিয়ে আনল বাংলাদেশে রাজনৈতিক পালাবদল বা শ্রীলঙ্কার গণঅভ্যুত্থানের স্মৃতি। মেসিকে ঠিকমতো দেখতে না পাওয়ার ক্ষোভ মুহূর্তে রূপ নেয় বিশৃঙ্খলায়। শুরু হয় ধাক্কাধাক্কি, বোতল ছোড়া, বাকেট সিট উপড়ে ফেলা। একসময় উত্তেজিত জনতা ঢুকে পড়ে মাঠে।

ভাঙচুরের শিকার হয় গোলপোস্ট, প্লেয়ারদের বসার শামিয়ানা, ক্যানোপি স্ট্যান্ড ও টানেলের শেড। কিন্তু সবচেয়ে বিব্রতকর দৃশ্য দেখা যায় এরপর। কেউ স্টেডিয়ামের চেয়ার কাঁধে নিয়ে বেরিয়ে যাচ্ছেন, কেউ সাজানো ফুলের টব কোলে করে নিচ্ছেন, আবার কেউ কার্পেট গুটিয়ে বাড়ির পথে।

প্রশ্ন করলে উত্তর একটাই— ‘এত টাকা দিয়ে টিকিট কেটেছিলাম। মেসিকে দেখতে পেলাম না। অন্তত কিছু স্মৃতি তো থাকুক!’

২০১৭ সালের ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের জন্য ঢেলে সাজানো যুবভারতী স্টেডিয়াম। পুরনো সিমেন্ট ভেঙে বসানো প্লাস্টিকের সিট, কৃত্রিম ঘাসের জায়গায় প্রাকৃতিক টার্ফ। সবকিছুই যেন এক বিকেলে তছনছ হয়ে গেল।

এমআই