রিশাদের দুর্দান্ত বোলিংয়ের পরও ম্যাচ জিতল না হোবার্ট
খেলা ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৫, ১৯:১১
বিগ ব্যাশ লিগে নিজের দ্বিতীয় ম্যাচেই বল হাতে আলো ছড়ালেন রিশাদ হোসেন। জোড়া উইকেট শিকার করেও অবশ্য দলকে জেতাতে পারলেন না এই লেগ স্পিনার। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মেলবোর্ন স্টার্সের কাছে ৮ উইকেটের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে হোবার্ট হারিকেনসকে।
টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মেলবোর্ন স্টার্স। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে হোবার্ট। দলের হয়ে একমাত্র উল্লেখযোগ্য ইনিংস খেলেন বেন ম্যাকডারমট। ৫২ বলে ৬৯ রান করেন তিনি। টিম ডেভিড করেন ৩১ বলে ৩১ রান।
শেষদিকে ব্যাট হাতে ছোট্ট ঝলক দেখান রিশাদ হোসেন। তিন বল খেলে ৫ রান করেন তিনি, যার মধ্যে ছিল একটি চোখধাঁধানো চার। মেলবোর্নের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন পিটার সিডল, নেন ৩ উইকেট। হারিস রউফ ও মার্কাস স্টয়নিস নেন দুটি করে উইকেট। গ্লেন ম্যাক্সওয়েল ও টম কারান একটি করে উইকেট শিকার করেন।
১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জো ক্লার্ক ও থমাস রজার্সের ব্যাটে উড়ন্ত শুরু পায় মেলবোর্ন স্টার্স। ১৮ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলা রজার্সকে ফিরিয়ে হোবার্টকে প্রথম ব্রেকথ্রু এনে দেন রিশাদ। ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে নিজের প্রথম ওভারেই উইকেট তুলে নেন তিনি, ওই ওভারে খরচ করেন মাত্র ৪ রান।
পরের ওভারেও সফল রিশাদ। ৮ম ওভারে এসে ১০ রান দিলেও জো ক্লার্ককে ফিরিয়ে নেন তিনি। প্রথম দুই ওভারে ১৪ রান খরচায় দুই উইকেট নেওয়ার পর স্বাভাবিকভাবেই রিশাদের ওপর ভরসা রাখেন অধিনায়ক নাথান এলিস। তবে ১০ম ওভারে এসে কিছুটা খেই হারান এই লেগ স্পিনার।
নিজের তৃতীয় ওভারে দেন ১৯ রান। শেষ পর্যন্ত ৩ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট নিয়েই থামতে হয় তাকে। এরপর ক্যাম্পবেল কেলাওয়ে ও অধিনায়ক মার্কাস স্টয়নিসের ব্যাটে একেবারেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মেলবোর্ন। হোবার্টের বোলারদের ওপর চড়াও হয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় তারা। ২৪ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় নিশ্চিত করে স্টার্স।
এমআই