দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার
খেলা ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৫, ২১:১৩
তেল কেনাকাটায় দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হতে যাচ্ছেন শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রী ও বিশ্বকাপজয়ী কিংবদন্তি ক্রিকেটার অর্জুন রাণাতুঙ্গা। সোমবার কলম্বোর একটি আদালতকে এ তথ্য জানিয়েছে দুর্নীতি দমন সংস্থা। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতিও নিয়ে রেখেছে দেশটির কর্তৃপক্ষ।
শ্রীলঙ্কার দুর্নীতি দমন কমিশন জানায়, মন্ত্রী থাকার সময় অর্জুন রাণাতুঙ্গা ও তাঁর ভাই ধাম্মিকা রানাতুঙ্গা তেল কেনার দীর্ঘমেয়াদি চুক্তির নিয়ম পরিবর্তন করেন। এর ফলে বেশি দামে স্পট মার্কেট থেকে তেল কেনা হয়, যা রাষ্ট্রের বড় আর্থিক ক্ষতির কারণ হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন সংস্থা।
দুর্নীতি দমন কমিশনের হিসাব অনুযায়ী, ২০১৭ সালে করা ২৭টি তেল কেনার সিদ্ধান্তে রাষ্ট্রের ক্ষতি হয়েছে প্রায় ৮০ কোটি শ্রীলঙ্কান রুপি। যা সে সময়ের মুদ্রার মান হিসাবে ৫০ লাখ মার্কিন ডলারেরও বেশি লোকসান হয়েছে। রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি করার কারণে রাণাতুঙ্গার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটি।

দুর্নীতি দমন কমিশন আরও জানায়, বর্তমানে অর্জুন রাণাতুঙ্গা দেশের বাইরে অবস্থান করছেন। দেশে ফিরলেই তাঁকে গ্রেপ্তার করা হবে। এই তথ্য কলম্বো ম্যাজিস্ট্রেট আসাঙ্গা বোদারাগামার আদালতে উপস্থাপন করা হয়েছে।
এদিকে রাষ্ট্রায়ত্ত সিলোন পেট্রোলিয়াম করপোরেশনের সাবেক চেয়ারম্যান ও অর্জুনের বড় ভাই ধাম্মিকা রাণাতুঙ্গা সোমবার গ্রেপ্তার করেছে লঙ্কান প্রশাসন। যদিও গ্রেপ্তারের দিনেই জামিনে মুক্তি পেয়ে যান তিনি। আদালত তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে। এই মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে আগামী ১৩ মার্চ।
এর আগে রাণাতুঙ্গা পরিবারের আরেক ভাই, সাবেক পর্যটনমন্ত্রী প্রসন্ন রাণাতুঙ্গাকে গত মাসে বীমা জালিয়াতির মামলায় গ্রেপ্তার করা হয়। সেই মামলা এখনও চলমান। এছাড়া ২০২২ সালের জুনে প্রসন্ন রাণাতুঙ্গা এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায়ের মামলায় দোষী সাব্যস্ত হয়ে দুই বছরের স্থগিত কারাদণ্ড পেয়েছিলেন।
উল্লেখ্য, ৬২ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান অর্জুন রাণাতুঙ্গা শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক। তাঁর নেতৃত্বেই ১৯৯৬ সালের বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেশের ক্রিকেটে সর্বকালের সেরা সাফল্যের দেখা পায় দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা।
এমআই