বিপিএলে নিজের ব্যাটিং পজিশন নিয়ে যা বললেন অঙ্কন
খেলা ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৫, ১৭:২৩
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার নতুন নাম নোয়াখালী এক্সপ্রেস। প্রথমবারের মতো টুর্নামেন্টে নাম লেখালেও দলটিকে নিয়ে দারুণ আশাবাদী জাতীয় দলের ক্রিকেটার মাহিদুল ইসলাম অঙ্কন। তাঁর চোখে, শুরুতেই ট্রফির হিসাব কষা নয়; আসল চাবিকাঠি ভালো ক্রিকেট খেলা ও চাপ সামলানো।
মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে অঙ্কন বলেন, ‘আমার কাছে মনে হয় সব দলই ভালোভাবে গড়া। কে কেমনভাবে চাপ সামলাতে পারে, কে ম্যাচ জেতাতে পারে সেটাই বেশি গুরুত্বপূর্ণ। ফলাফল নিয়ে এখনই অত চিন্তা নেই, কারণ চ্যাম্পিয়নশিপ অনেক দূরে। আমাদের লক্ষ্য হওয়া উচিত কতটা ভালো ক্রিকেট খেলতে পারছি।’
নিজের ব্যাটিং পজিশন নিয়ে অঙ্কন আরও বলেন, ‘আমরা যারা মিডল অর্ডার, লোয়ার অর্ডারে খেলি। যে কারোর পজিশন চেঞ্জ হতে পারে। তার কারণে আমরা আগে থেকেই যদি সেট করে রাখি যে আমি এই পজিশনে খেলব সেটা হবে না। আমরা কোন পজিশনে কখন কে কোথায় আসলে নামবে, কে কোথায় কার কি প্ল্যান ওই অনুযায়ী খেলবে।’

নবাগত দল হলেও নোয়াখালী এক্সপ্রেসের ব্যবস্থাপনা ও পরিবেশে মুগ্ধ অঙ্কন। তিনি বলেন, ‘প্রথমবার হিসেবে নোয়াখালী খুব ভালো করছে। দলের পরিবেশ থেকে শুরু করে সবকিছুই বেশ গোছানো। আশা করি তারা দীর্ঘদিন বিপিএলে টিকে থাকবে। নোয়াখালীর সমর্থকরাও দারুণ। ওদের সমর্থন দলকে অনেক দূর নিয়ে যাবে।’
দলের বড় শক্তি হিসেবে অঙ্কন আলাদা করে উল্লেখ করেন আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবীকে। অঙ্কন আরও বলেন, ‘নবীর অভিজ্ঞতা অবশ্যই কাজে লাগবে। সে অনেক বছর ধরে টি-টোয়েন্টি খেলছে, বিপিএলেও পরিচিত মুখ। দলগতভাবে আমরা ভালো ক্রিকেট খেলতে পারব, এই বিশ্বাস আছে।’
চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন থাকলেও অঙ্কনের কাছে পথটাই বেশি গুরুত্বপূর্ণ। তাঁর মতে, ‘সবারই লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। কিন্তু আমার কাছে মনে হয়, শুরু থেকেই দল হিসেবে কতটা গুছানো ক্রিকেট খেলতে পারছি, প্রত্যেকে কতটা পারফর্ম করতে পারছে। বড় নামের চেয়ে প্রতিটি ম্যাচে ভালো খেলাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
এমআই