আইপিএল থেকে নাম প্রত্যাহার করলেন অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার
খেলা ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৫, ২৩:০৩
ভারতের নারী আইপিএল বা ডব্লিউপিল শুরু হচ্ছে আগামী ৯ জানুয়ারি। নতুন আসরকে ঘিরে বড় চমক দেখা দিয়েছে। দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটার এলিসে পেরি ও আনাবেল সাদারল্যান্ড ব্যক্তিগত কারণে আইপিএলে খেলবেন না। এছাড়া, যুক্তরাষ্ট্রের তারা নরিসও ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের কারণে নাম প্রত্যাহার করেছেন।
এরপর সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলো দ্রুত বদলির ঘোষণা দিয়েছে। দিল্লি ক্যাপিটালস সাদারল্যান্ডের জায়গায় দলে এনেছে অজি লেগস্পিনার অ্যালানা কিং। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পেরির জায়গায় অন্তর্ভুক্ত করেছেন ভারতীয় ক্রিকেটার সায়ালি সাটগারে। আর উত্তরপ্রদেশ (ইউপি) ওয়ারিয়র্স তারা নরিসের বদলে দলে ভিড়িয়েছে অজি অলরাউন্ডার চারলি নটকে।

এলিসে পেরি বেঙ্গালুরুর হয়ে তিনটি মৌসুম খেলেছেন এবং নারী আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক। ২০২৪ সালে বেঙ্গালুরুর শিরোপা জেতার মূল নায়ক ছিলেন তিনি। তার অনুপস্থিতিতে ভারতীয় ক্রিকেটার সাটগারের সুযোগ মিলেছে, ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি।
সাদারল্যান্ড গত দুই আইপিএল খেলেছেন দিল্লির হয়ে। তার অনুপস্থিতিতে ডাক পাওয়া অ্যালানা কিং নারী বিগ ব্যাশে পার্থ স্কর্চার্সের হয়ে ১৩ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন এবং রানার্সআপ হয়েছেন। চার্লি নট এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক পাননি, তবে বিগ ব্যাশের ৬ মৌসুম ও দ্য হান্ড্রেডের দুই আসরে খেলেছেন। তাকে উত্তরপ্রদেশ ১০ লাখ রুপিতে দলে নিয়েছিল।
এমআই