৪৩ বলে ৮১ রানের ইনিংস খেলে যা বললেন শামীম
খেলা ডেস্ক
০১ জানুয়ারি ২০২৬, ২০:০১
দলের একপ্রান্তে যখন একে একে সাজঘরের পথ ধরছেন সতীর্থরা, তখন ব্যাট হাতে একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন শামীম হোসেন পাটোয়ারি। বিপিএলে ঢাকার হয়ে ৪৩ বলে ঝলমলে ৮১ রানের ইনিংস খেলেও জয় এনে দিতে পারেননি। তবে হারলেও আলো কেড়ে নিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।
ম্যাচ শেষে কৃতজ্ঞতার সুরে স্মরণ করলেন জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকে। সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের দলে জায়গা হয়নি শামীমের। সেই সিদ্ধান্তে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছিলেন লিটন। কঠিন সময়ে অধিনায়কের সেই পাশে থাকার বিষয়টি ভুলে যাননি শামীম।
বিপিএলে ফিফটির পর ম্যাচ শেষে তিনি বলেন, ‘অবশ্যই আমি লিটন ভাইকে ধন্যবাদ দেব। উনি আমার ওপর অনেক বিশ্বাস রেখেছেন। কারণ এর আগেও আমি ম্যাচ উইনিং নক খেলেছি।’
খারাপ সময় পার করা ক্রিকেটারের জন্য অধিনায়কের সমর্থন কতটা গুরুত্বপূর্ণ—তা নিজের অভিজ্ঞতা থেকেই বললেন শামীম, ‘একটা প্লেয়ারের দুই-তিনটা ম্যাচ খারাপ হতেই পারে। এটা কোনো ব্যাপার না। কিন্তু যদি তখন ব্যাকআপ দেওয়া হয়, ভালো সাপোর্ট দেওয়া হয়, তাহলে অবশ্যই ভালোভাবে কামব্যাক করা যায়।’
ব্যর্থতার সময় মানসিক চাপ কীভাবে সামলান, এমন প্রশ্নে আত্মবিশ্বাসী কণ্ঠেই উত্তর শামীমের, ‘আমি ওরকম চিন্তা করি না। আমি আমার ফোকাসে ছিলাম। নিয়মিত প্র্যাকটিস করছি। আমার যেটা দরকার ছিল, সেটাই আমি করেছি। তবে ম্যাচ জিততে পারলে ভালো লাগতো।’
এমআই