Advertisement
Us Bangla Airlines
বিপিএলের স্থগিত হওয়া ম্যাচ কবে হবে, জানাল বিসিবি

বিপিএলের স্থগিত হওয়া ম্যাচ কবে হবে, জানাল বিসিবি

খেলা ডেস্ক

৩০ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৬

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে আজকের (মঙ্গলবার) বিপিএলের নির্ধারিত দুটি ম্যাচ স্থগিত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দিনভর অনিশ্চয়তার পর অবশেষে সেই স্থগিত ম্যাচগুলোর নতুন সূচি ঘোষণা করেছে বোর্ড।

বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল (বুধবার) একই ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়, আর রাতের ম্যাচটি মাঠে গড়াবে রাত ৮টায়। আজকের ম্যাচের জন্য যারা টিকিট কেটেছিলেন, একই টিকিটেই আগামীকাল খেলা দেখতে পারবেন তারা।

হঠাৎ করে ম্যাচ স্থগিতের ঘোষণায় আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হস্তক্ষেপ করে। তবে সেই দর্শকদের জন্য দিয়েছে স্বস্তির বার্তা বিসিবি।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আজ দুপুর ১টায় সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালসের ম্যাচটি হওয়ার কথা ছিল। সেটি এখন অনুষ্ঠিত হবে বুধবার বিকেল ৩টায়। আর সন্ধ্যা ৬টায় নির্ধারিত থাকা রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসের ম্যাচটি গড়াবে বুধবার রাত পৌনে ৮টায়। 

উল্লেখ্য, আগে থেকে বুধবার কোনো ম্যাচ সূচিতে ছিল না। তবে উদ্ভূত পরিস্থিতিতে সিলেট পর্বে আগামী তিন দিন টানা ম্যাচ অনুষ্ঠিত হবে।

এমআই