বিপিএলে কবে যোগ দিবেন তাসকিন-মোস্তাফিজ
খেলা ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৫, ১৯:০৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর্দা উঠছে আর মাত্র একদিন পর। শুক্রবার সিলেটে শুরু হচ্ছে ঘরোয়া টি-টোয়েন্টির ১২তম আসর। কিন্তু টুর্নামেন্ট শুরুর মুখে ভক্তদের মনে ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন, বাংলাদেশের দুই তারকা পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান কবে যোগ দিচ্ছেন বিপিএলে?
বর্তমানে আইএল টি–টোয়েন্টিতে ব্যস্ত সময় পার করছেন তাসকিন-মোস্তাফিজ। সংযুক্ত আরব আমিরাতে চলমান এই টুর্নামেন্টে মোস্তাফিজ খেলছেন দুবাই ক্যাপিটালসের হয়ে, আর তাসকিন আছেন শারজা ওয়ারিয়র্জ শিবিরে। বল হাতে দুজনেই নিজেদের সেরা সময় পার করছেন।
পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে আছে মোস্তাফিজের দুবাই ক্যাপিটালস। ৮ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে তারা রয়েছে তৃতীয় স্থানে। বিপরীতে তাসকিনের শারজা ওয়ারিয়র্জ অবস্থান করছে তলানিতে। গালফ জায়ান্টস ও আবুধাবি নাইট রাইডার্সের সঙ্গে পয়েন্ট সমান হলেও নেট রানরেটে পিছিয়ে থাকায় কঠিন পরিস্থিতিতে শারজা।
আজ রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুবাই ক্যাপিটালস ও শারজা ওয়ারিয়র্জ। এই ম্যাচ জিতলে ১০ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করবে দুবাই, আর শারজার জন্য তা হতে পারে টুর্নামেন্ট থেকে বিদায়ের ম্যাচ। এদিকে শুক্রবার থেকেই শুরু হয়ে যাচ্ছে বিপিএল। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন—শুরু থেকেই কি তাসকিন ও মোস্তাফিজকে পাওয়া যাবে?
আশার খবর হলো, খুব বেশি দেরি হচ্ছে না। সবকিছু ঠিক থাকলে তাসকিন আহমেদ নিজের দলের প্রথম ম্যাচের আগেই বিপিএলে যোগ দেবেন। ঢাকা ক্যাপিটালস সূত্রে জানা গেছে, শনিবার রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে দলের প্রথম ম্যাচের আগে অনুশীলনেও নামতে পারেন তিনি।
অন্যদিকে মোস্তাফিজুর রহমানের রংপুর রাইডার্স বিপিএল অভিযান শুরু করবে ২৯ ডিসেম্বর, চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে। আইএল টি–টোয়েন্টির ব্যস্ততা শেষ করেই তারও দেশে ফেরার কথা রয়েছে। যদিও এই দুই পেসারকে ২৩ ডিসেম্বর পর্যন্ত এনওসি দেওয়ার গুঞ্জন ওঠেছিল। তবে ছুটি কোথায় গিয়ে থামে, সেটাই দেখার পালা।
এমআই