ভারতের বিরুদ্ধে আইসিসিকে অভিযোগ জানাবে পাকিস্তান
খেলা ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৫, ১৮:০১
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে মাঠের লড়াই শেষ হলেও বিতর্ক থামেনি। ভারতকে বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের আনন্দের মাঝেই এবার নতুন খবর। ভারতের বিরুদ্ধে আইসিসিতে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বিষয়টি নিশ্চিত করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। দীর্ঘ ১৩ বছরের অপেক্ষা ঘুচিয়ে যুব এশিয়া কাপ জয়ের পর পাকিস্তান দলের জন্য আয়োজিত সংবর্ধনায় এই মন্তব্য করেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাহ শরীফও।
নাকভির অভিযোগ, ফাইনাল ম্যাচ চলাকালে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা পাকিস্তানের খেলোয়াড়দের উদ্দেশে উত্তেজক মন্তব্য ও আচরণ করেছেন। তিনি বলেন, ‘ফাইনালে পাকিস্তানের ক্রিকেটারদের উসকানি দেওয়া হয়েছিল। এই ঘটনায় আমরা আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানাব। রাজনীতি আর খেলাধুলা আলাদা রাখাই উচিত।’
দুবাইয়ে আইসিসির ক্রিকেট একাডেমিতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে একাধিকবার দুই দলের ক্রিকেটারদের মধ্যে কথার লড়াই চোখে পড়ে। পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করতে হয় আম্পায়ারদের। তবে মাঠের খেলায় ভারত কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি। ব্যাটে-বলে পুরোপুরি প্রভাব বিস্তার করে পাকিস্তান, জিতে নেয় ১৯১ রানের বিশাল জয়।
এর আগে পাকিস্তান যুব দলের প্রধান কোচ সরফরাজ আহমেদও ভারতের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। সাবেক এই অধিনায়কের মতে, ফাইনালের মঞ্চে ভারতীয় ক্রিকেটারদের আচরণ ছিল খেলোয়াড়সুলভ নয়।
ম্যাচ শেষে সরফরাজ বলেন, ‘ভারতের আচরণ ক্রিকেটের চেতনার পরিপন্থী ছিল। তারপরও আমরা স্পোর্টসম্যানশিপ বজায় রেখে জয় উদযাপন করেছি। ক্রিকেট সব সময় সঠিক মানসিকতা নিয়ে খেলা উচিত।’
এমআই