Advertisement
Us Bangla Airlines
২০৩ উইকেট শিকার করা পেসারকে অধিনায়ক বানাল জিম্বাবুয়ে

২০৩ উইকেট শিকার করা পেসারকে অধিনায়ক বানাল জিম্বাবুয়ে

খেলা ডেস্ক

২০ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৫

লম্বা সংস্করণের ক্রিকেটে অধিনায়কত্বে পরিবর্তন আনলো জিম্বাবুয়ে। দলটির টেস্ট ও ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন ফাস্ট বোলার রিচার্ড এনগারাভা। শনিবার (২০ ডিসেম্বর) হারারেতে অনুষ্ঠিত জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের (জেডসি) চতুর্থ কোয়ার্টারের বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।

এনগারাভার ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রায়ান বেনেট। মাত্র ২২ বছর বয়সী এই ক্রিকেটারের গত বছরই টেস্ট ও ওয়ানডেতে অভিষেক হয়েছে। জিম্বাবুয়ের হয়ে দীর্ঘদিন অধিনায়কত্ব করেছিলেন ক্রেইগ আরভিন। তবে তার সরে দাঁড়ানোয় নেতৃত্বে পরিবর্তন আনতে হয়েছে জিম্বাবুয়ে ক্রিকেটকে।

২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া এনগারাভা বর্তমানে ব্লেসিং মুজারাবানির সঙ্গে জিম্বাবুয়ের বোলিং আক্রমণের মূল ভরসা। তিনি জিম্বাবুয়ের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার উইকেট সংখ্যা ২০৩টি।

অন্যদিকে ব্রায়ান বেনেটের উত্থান ছিল দ্রুতগতির। ২০২৩ সালের ডিসেম্বরে প্রথম টি-টোয়েন্টি খেলেই নজর কাড়েন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণেই সেঞ্চুরি রয়েছে তার নামের পাশে। এমনকি জিম্বাবুয়ের হয়ে দ্রুততম টেস্ট সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন এই তরুণ ব্যাটার।

নতুন অধিনায়কত্ব নিয়ে জিম্বাবুয়ে ক্রিকেটের চেয়ারম্যান তাভেঙ্গা মুখুলানি বলেন, ‘নাগারাভা বছরের পর বছর ধরে খেলোয়াড় ও নেতা হিসেবে অসাধারণ উন্নতি দেখিয়েছে। ড্রেসিংরুমে তার প্রতি সবার শ্রদ্ধা রয়েছে এবং সব সংস্করণেই সে নিয়মিত পারফর্ম করেছে। আমরা বিশ্বাস করি, জিম্বাবুয়ের ক্রিকেটকে পরবর্তী অধ্যায়ে নিয়ে যাওয়ার জন্য সে প্রস্তুত।’

এমআই