বিশ্বকাপজয়ী ৪ ক্রিকেটারকে বাদ দিচ্ছে ভারত
খেলা ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২৫, ২২:২৩
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আর মাস দুয়েক বাকি। আগামীকালই বৈশ্বিক এই আসরের জন্য প্রাথমিক দল ঘোষণা করার কথা ভারতের। তার আগেই বড় চমকের ইঙ্গিত দিচ্ছে দেশটির সংবাদমাধ্যম। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের চার সদস্যকে এবার দলে রাখছে না ভারতীয় নির্বাচকরা।
দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে ২০২৪ বিশ্বকাপের শিরোপা জিতেছিল ভারত। সেই ঐতিহাসিক দলে থাকা ঋষভ পান্ত, যশস্বী জয়সওয়াল, মোহাম্মদ সিরাজ ও যুজবেন্দ্র চাহালের নাম থাকছে না ২০২৬ বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে। বাদ পড়াদের মধ্যে সবচেয়ে নিশ্চিত নাম ঋষভ পান্ত।
সাম্প্রতিক সময়ে মূল উইকেটকিপার-ব্যাটার হিসেবে জিতেশ শর্মার ওপরই ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। ব্যাকআপ হিসেবে দলে থাকতে পারেন সঞ্জু স্যামসন। যশস্বী জয়সওয়ালের বাদ পড়া নিয়ে তৈরি হয়েছে সবচেয়ে বেশি আলোচনা। গত বিশ্বকাপে ওপেনিংয়ে ছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা, ফলে সুযোগ পাননি জয়সওয়াল।
রোহিত-কোহলির অবসরের পরও এই মারকুটে ব্যাটার জায়গা না পাওয়ায় প্রশ্ন উঠছে নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে। ভারতের জার্সিতে ২৩ টি-টোয়েন্টিতে ৩৬.১৫ গড়ে ৭২৩ রান করেছেন জয়সওয়াল। পরিসংখ্যানে তিনি শুবমান গিলের চেয়ে এগিয়ে থাকলেও, নির্বাচকদের আস্থা আপাতত গিলের দিকেই। ৩৬ ম্যাচে ২৮.০৩ গড়ে ৮৬৯ রান করেছেন গিল।
যুজবেন্দ্র চাহালের বাদ পড়া ছিল অনেকটাই অনুমেয়। ২০২৪ বিশ্বকাপে একটি ম্যাচও খেলার সুযোগ পাননি তিনি। বর্তমানে কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীর স্পিন জুটি দারুণ ফর্মে থাকায় তাঁদের জায়গা প্রায় নিশ্চিত।
মোহাম্মদ সিরাজের ক্ষেত্রেও বড় কোনো চমক দেখছেন না ক্রিকেট বিশ্লেষকরা। ভারতের হয়ে সর্বশেষ ২০২৪ সালের জুলাইয়ে টি-টোয়েন্টি খেলেছেন তিনি। হর্ষিত রানা সিরাজের মতোই পেসার হলেও ব্যাটিংয়ে কিছুটা এগিয়ে। অভিজ্ঞতায় পিছিয়ে থাকলেও, টি-টোয়েন্টি ফরম্যাটে সিরাজ অধ্যায় প্রায় শেষ করে ফেলেছে বলে মনে করছেন টিম ম্যানেজমেন্ট।
এমআই