ডাবল সেঞ্চুরি করেও কেন রেকর্ডের তালিকায় নেই সৌম্য-অভিজ্ঞান?
খেলা ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৫, ১৮:২৩
যুব এশিয়া কাপে সম্প্রতি ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে শিরোনামে এসেছেন ভারতের অভিজ্ঞান কুন্ডু। গ্রুপ পর্বে মালয়েশিয়ার বিপক্ষে ২০৯ রানে অপরাজিত ছিলেন এই ব্যাটার। অভিজ্ঞানের ডাবল সেঞ্চুরিতে আলোচনায় আসেন বাংলাদেশের সৌম্য সরকার। যুব ওয়ানডেতে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করেছেন তিনি।
২০১২ সালের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে কাতারের বিপক্ষে ২০৯ রান করেন সৌম্য সরকার। সেই ম্যাচে একাই ৯ উইকেট শিকার করেছিলেন পেসার আবু হায়দার রনি। অবিশ্বাস্য পারফরম্যান্সের পরেও যুব ওয়ানডের পরিসংখ্যানে নাম নেই দুই টাইগার ক্রিকেটারের। এমনকি ২০৯ রান করেও ভারতের অভিজ্ঞান নেই ব্যক্তিগত রানের তালিকায়।

যুব ওয়ানডের পরিসংখ্যান ঘেঁটে দেখা গেছে, ডাবল সেঞ্চুরি করা ক্রিকেটারের তালিকায় নেই সৌম্য সরকারের। এমনকি চলমান এশিয়া কাপে দ্বিশতক হাঁকিয়েও নাম নেই অভিজ্ঞান কুন্ডুর। বরং যুব ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির তালিকায় দক্ষিণ আফ্রিকার জোরিক ভ্যান স্কালকউইক ছাড়া আর কেউ নেই।
প্রশ্ন ওঠতে পারে, এশিয়া কাপে ডাবল সেঞ্চুরি করার পরেও কেন পরিসংখ্যানের পাতায় ঠাঁই পাননি সৌম্য-অভিজ্ঞান? উত্তর খুঁজতে প্রথমে জানতে হবে, আইসিসির ওয়ানডে মর্যাদা পাওয়া দেশের সংখ্যার পরিমাণ। বর্তমানে ওয়ানডে মর্যাদা প্রাপ্ত দেশের সংখ্যা ২০টি। এর মধ্যে ১২টি পূর্ণ ও ৮টি সহযোগী দেশ রয়েছে।
আইসিসির পূর্ণ সদস্যের দেশগুলো হলো- ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। আর সহযোগী দেশের মধ্যে রয়েছে স্কটল্যান্ড, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, ওমান, নেপাল, নামিবিয়া ও সংযুক্ত আরব আমিরাত।

যুব দলগুলোর টুর্নামেন্টে ওয়ানডে মর্যাদা ছাড়া প্রতিপক্ষ হলে তা আন্তর্জাতিক হিসেবে গণ্য হবে না। অর্থাৎ ওয়ানডে মর্যাদাহীন কাতারের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করায় সৌম্যর ইনিংসটি পরিসংখ্যানের খাতায় লিপিবদ্ধ হয়নি। একইভাবে মালয়েশিয়ার ওয়ানডে মর্যাদা না থাকায় তাদের বিপক্ষে ২০৯ রান করেও তালিকায় জায়গা পাননি ভারতের অভিজ্ঞান।
এদিকে চলমান যুব এশিয়া কাপে আরব আমিরাতের বিপক্ষে ১৭১ রানের ইনিংস খেলেছিলেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। সহযোগী দেশ হিসেবে আইসিসি থেকে ইতোমধ্যে ওয়ানডে মর্যাদা পেয়েছে আরব আমিরাত। ফলে সূর্যবংশীর এই ইনিংসটি যুব ওয়ানডের পরিসংখ্যানে যুক্ত হয়েছে।
এমআই