Advertisement
Us Bangla Airlines
জনসিনার শেষ ম্যাচে টিকিটের দাম কত, জানলে চমকে যাবেন

জনসিনার শেষ ম্যাচে টিকিটের দাম কত, জানলে চমকে যাবেন

খেলা ডেস্ক

১৩ ডিসেম্বর ২০২৫, ১৭:২৪

ডব্লিউডব্লিউই রিংকে বিদায় জানাচ্ছেন জন সিনা। কিংবদন্তি এই রেসলারের শেষ ম্যাচ ঘিরে উত্তেজনার পাশাপাশি আলোচনার কেন্দ্রে উঠে এসেছে টিকিটের আকাশছোঁয়া দাম। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটির সর্বনিম্ন টিকিটের দামই এখন বাংলাদেশি টাকায় প্রায় দেড় লাখ টাকা।

শনিবার রাতে ডব্লিউডব্লিউইর জনপ্রিয় অনুষ্ঠান ‘স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট’-এ অনুষ্ঠিত হবে জন সিনার ক্যারিয়ারের শেষ লড়াই। এই ম্যাচ দিয়েই দীর্ঘ ও বর্ণাঢ্য রেসলিং জীবনের ইতি টানবেন তিনি। তবে টিকিট বিক্রির চিত্রই বলে দিচ্ছে ম্যাচটির গুরুত্ব।

রেসলটিক্সের তথ্য অনুযায়ী, ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় প্রস্তুত করা ১৯ হাজার ১৭৬টি আসনের প্রায় সবই বিক্রি হয়ে গেছে। বর্তমানে অবিক্রিত রয়েছে মাত্র পাঁচটি টিকিট, যেগুলো ফ্লোর সিট হিসেবে বিবেচিত। এসব টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে প্রায় ১ হাজার ২৩০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় রূপান্তর করলে দাঁড়ায় প্রায় দেড় লাখ টাকা।

আয়োজকদের আশা, ম্যাচ শুরুর আগেই বাকি থাকা টিকিটগুলোও বিক্রি হয়ে যাবে এবং জন সিনার বিদায়ী ম্যাচ পুরোপুরি হাউসফুল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এই ঐতিহাসিক ম্যাচে জন সিনার প্রতিপক্ষ হবেন ‘দ্য লাস্ট টাইম ইজ নাউ’ টুর্নামেন্টের বিজয়ী গুন্থার। ‘নেভার সিন সেভেনটিন’ নামে পরিচিত সিনার জন্য এটি শুধুই একটি ম্যাচ নয়, বরং ডব্লিউডব্লিউই ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখার শেষ অধ্যায়।

এমআই