Advertisement
Us Bangla Airlines
বিগ ব্যাশে লেগ স্পিনারের জাদুকরী বোলিং

বিগ ব্যাশে লেগ স্পিনারের জাদুকরী বোলিং

খেলা ডেস্ক

২২ ডিসেম্বর ২০২৫, ২৩:০৪

চোটের দীর্ঘ বিরতি, অনিশ্চয়তার মেঘ—সবকিছুকে পেছনে ফেলে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেই নিজের জাত চেনালেন শাদাব খান। বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের বিপক্ষে দুর্দান্ত এক স্পেলে ম্যাচের গতিপথ বদলে দিয়েছেন পাকিস্তানের এই অলরাউন্ডার। ক্যানবেরার মানুকা ওভালে ৪ ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট।

শাদাবের এই পারফরম্যান্স শুধু জয়েই বড় ভূমিকা রাখেনি, বরং ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচন নিয়েও নতুন করে ভাবনার খোরাক জুগিয়েছে। কাঁধের অস্ত্রোপচারের পর এটি ছিল শাদাবের প্রথম বড় মঞ্চ। আত্মবিশ্বাসী লাইন-লেন্থ, বৈচিত্র্য আর আগ্রাসী মানসিকতা—সব মিলিয়ে বল হাতে পুরো ম্যাচজুড়ে নিয়ন্ত্রণে ছিলেন তিনি।

ম্যাচে আগে ব্যাট করে সিডনি থান্ডার তোলে ১৯২ রান। বড় লক্ষ্য হলেও শাদাবের স্পেলে দ্রুত চাপে পড়ে যায় প্রতিপক্ষ। পঞ্চম ওভারে অভিজ্ঞ কলিন মুনরোকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন তিনি। একই ওভারে বিদায় নেন জ্যাক ওয়াইল্ডারমুথ, এক ধাক্কায় ম্যাচের ছন্দ পাল্টে যায়।

ইনিংসের মাঝপথে ৭০ রানের জুটি ভেঙে ম্যাট রেনশকে ফেরান শাদাব। এরপর ১৭তম ওভারে নিজের চতুর্থ শিকার হিসেবে টম অলসপকে আউট করে পুরো স্পেলের ইতি টানেন। ৯ বলে মাত্র ৫ রান করা অলসপের উইকেট ছিল শাদাবের স্পেলের শেষ রত্ন। এটাই হয়ে ওঠে ম্যাচের টার্নিং পয়েন্ট।

এই চার উইকেট শাদাবের জন্য ব্যক্তিগতভাবেও বিশেষ। এর মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর মোট উইকেট সংখ্যা দাঁড়াল ৩৫০। পাকিস্তানের হয়ে এই ফরম্যাটে তাঁর চেয়ে বেশি উইকেট আছে কেবল ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, সোহেল তানভির ও ইমাদ ওয়াসিমের।

এমআই