বিশ্বকাপের আগে যে দুই দেশের বিপক্ষে খেলবে বাংলাদেশ
খেলা ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৫, ২০:৩৭
আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০ দল নিয়ে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের পর্দা উঠবে ৭ ফেব্রুয়ারি। ইতোমধ্যে গ্রুপিং ও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বকাপে ‘সি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ।
গ্রুপপর্বে টাইগারদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে টাইগাররা। পরবর্তী দুই ম্যাচও হবে কলকাতায়। গ্রুপপর্বের শেষ ম্যাচটি ১৭ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে।
তবে মূল লড়াই শুরুর আগেই প্রস্তুতি সারতে ভারতে যাবে বাংলাদেশ দল। বিশ্বকাপের আগে বেঙ্গালুরুতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এই দুই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে নামিবিয়া ও আফগানিস্তান। এ কারণে ২৮ জানুয়ারি ভারতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল।
বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। বৃহস্পতিবার মিরপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিশ্বকাপ শুরুর আগেই ২৮ জানুয়ারি আমরা বেঙ্গালুরুতে চলে যাব। নামিবিয়া ও আফগানিস্তানের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলব।’
এদিকে জাতীয় দলের প্রস্তুতি নির্বিঘ্ন রাখতে বিপিএলের সময় বোলারদের ওয়ার্কলোড ব্যবস্থাপনায় বাড়তি নজর দিচ্ছে বিসিবি। ক্রিকেট অপারেশন্স কমিটির সদস্য শাহরিয়ার নাফীস জানিয়েছেন, বিপিএল চলাকালে জাতীয় দলের গুরুত্বপূর্ণ বোলারদের জন্য একজন ফিজিও সার্বক্ষণিক কাজ করবেন।
এমআই