২০ উইকেট হারানোর ম্যাচে বাংলাদেশের জয়
খেলা ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৫, ১৯:০৯
গ্রুপ পর্বের শেষ ম্যাচে জমে উঠেছিল সব নাটক। ব্যাটিং ধস, বোলিংয়ের দাপট আর শেষ পর্যন্ত জয়োল্লাস। শ্রীলঙ্কার অ-১৯ দলের বিপক্ষে ২০ উইকেটের লড়াইয়ে শেষ হাসি হেসেছে বাংলাদেশ যুব দল। বয়সভিত্তিক এশিয়া কাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে ৩৯ রানের জয় পেয়ে গ্রুপসেরা হয়েই সেমিফাইনালে উঠেছে যুবারা।
বুধবার দুবাইয়ে টসে হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২২৫ রানে গুটিয়ে যায়। ইনিংসের শুরুটা ছিল উড়ন্ত। ওপেনিং জুটিতে জাওয়াদ আবরার ও রিফাত বেগ ১২.২ ওভারে বিনা উইকেটে তুলে ফেলেন ৮৪ রান। ৩৬ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংস খেলেন ডানহাতি আবরার। রিফাত বিদায় নেন ৪৮ বলে ৩৬ রান করে।

এই জুটি ভাঙার পরই ছন্দ হারায় বাংলাদেশ। তৃতীয় উইকেটে অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও কালাম সিদ্দিকী কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন। তামিম ৪৮ বলে ২৯ রান করে ফিরতেই হঠাৎ ধস নামে। ২ উইকেটে ১৫৬ রান থেকে মাত্র ৩৫ রানের ব্যবধানে হারায় আরও ৬ উইকেট।
চাপের মুহূর্তে একপ্রান্ত আগলে রাখেন কালাম সিদ্দিকী। তিনি খেলেন ৬০ বলে ৩২ রানের ধৈর্যশীল ইনিংস। শেষদিকে ফরিদ হাসানের ৪০ বলে ২৯ রান ও ইকবাল হোসেন ইমনের ১২ রানে কোনোমতে দুশ পেরোয় বাংলাদেশের স্কোর। শ্রীলঙ্কার হয়ে কাবিজা গ্যামেজ নেন সর্বোচ্চ ৪ উইকেট, ভিরান চামুদিথা ও রাসিথ নিমসারা নেন দুটি করে উইকেট।
২২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাকফুটে চলে যায় শ্রীলঙ্কা। ৪৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে তারা। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি দলটি। শ্রীলঙ্কার পক্ষে চামিকা হিনাতিগালা করেন সর্বোচ্চ ৪১ রান, আধাম হিল্মি যোগ করেন ৩৯ রান।

বাংলাদেশের বোলিংয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন শাহরিয়ার আহমেদ ও ইকবাল হোসেন ইমন নেন ৩টি করে উইকেট। সামিউন বশির রাতুল শিকার করেন দুটি উইকেট। অধিনায়ক তামিম ও সাদ ইসলাম রাজিন নেন একটি করে উইকেট। বাংলাদেশের পাশাপাশি লঙ্কানরাও এ ম্যাচে পুরো ১০টি উইকেট হারিয়েছে।
সবমিলিয়ে বোলারদের নিয়ন্ত্রিত দাপটেই ২০ উইকেট হারানোর রোমাঞ্চকর ম্যাচে জয় তুলে নিয়েছে যুব টাইগাররা। তাতে গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে গ্রুপসেরা হয়েই সেমিফাইনালে পা রাখে তামিমের দল। আগামী ১৯ ডিসেম্বর সেমিতে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ অ-১৯ দল।
এমআই