রিশাদের দুর্দান্ত বোলিংয়ে জিতল হোবার্ট হারিকেনস
খেলা ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৫, ২১:৪৭
বিগ ব্যাশে আবারও আলো ছড়ালেন রিশাদ হোসেন। পার্থ স্কর্চার্সের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি দলকে এনে দিলেন গুরুত্বপূর্ণ জয়। বাংলাদেশি লেগস্পিনারের নিয়ন্ত্রিত ও বুদ্ধিদীপ্ত বোলিংয়ে পার্থকে ১৫০ রানেই আটকে রেখে ৩ বল ও ৪ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় হোবার্ট হারিকেন্স।
ম্যাচের সবচেয়ে নাটকীয় মুহূর্তটি আসে পার্থের ইনিংসের ১৬তম ওভারে। বোলার রিশাদ, স্ট্রাইকে লরি ইভান্স। অফ স্টাম্পের লাইনে করা বলটিকে ওয়াইডিশ লং অন দিয়ে ৮২ মিটারের বিশাল ছক্কায় পাঠান ইভান্স। কিন্তু এবারই ফাঁদ। অফ স্টাম্পের বাইরে করা বলটিতে হালকা টার্ন আর বাড়তি বাউন্স—তাতেই তাল হারিয়ে স্টাম্পড হন ইভান্স।

এর আগেও রিশাদের শিকার হয়েছেন কুপার কনোলি ও অ্যারন হার্ডি। পঞ্চম ওভারে বোলিংয়ে এসে ফিন অ্যালেনের ব্যাটে এক ছক্কাসহ ৯ রান দিলেও সপ্তম ওভারের দ্বিতীয় বলেই কনোলিকে ফেরান রিশাদ। ক্রিস জর্ডানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। একই ওভারে অ্যালেনের উইকেটও পেতে পারতেন রিশাদ, কিন্তু ক্যাচ ফেলায় বেঁচে যান তিনি।
নিজের তৃতীয় ও ইনিংসের নবম ওভারে অ্যারন হার্ডিকে ফেরান বাংলাদেশি লেগি। সুইপ করতে গিয়ে বলের বাড়তি বাউন্সে এজড হয়ে ফাইন লেগে ক্যাচ দেন হার্ডি। এরপর ১৬তম ওভারে এসে ইভান্সকে বিদায় করে পূর্ণ করেন তিন উইকেটের কোটাও।
সব মিলিয়ে ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট। এটাই এবারের বিগ ব্যাশে রিশাদের সেরা বোলিং ফিগার। এর আগে মেলবোর্ন স্টারসের বিপক্ষে ৩৩ রানে ২ উইকেট ছিল তার সেরা। প্রথমবার অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগে খেলতে এসে চার ম্যাচেই রিশাদের শিকার এখন ৬ উইকেট। আর তার বোলিংয়ের ছন্দেই বিগ ব্যাশে হোবার্ট তুলে নিল চতুর্থ ম্যাচে তৃতীয় জয়।
এমআই