Advertisement
Us Bangla Airlines
বিগ ব্যাশে রিশাদের ক্যারিয়ারসেরা বোলিং

বিগ ব্যাশে রিশাদের ক্যারিয়ারসেরা বোলিং

খেলা ডেস্ক

২৬ ডিসেম্বর ২০২৫, ১৮:২৮

অস্ট্রেলিয়ার মাটিতে ধীরে ধীরে নিজের ছাপ ফেলছেন রিশাদ হোসেন। বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেন্সের জার্সিতে খেলতে নেমে শুরুটা খুব একটা দেখার মতো না হলেও, পার্থ স্কর্চার্সের বিপক্ষে ম্যাচে ঠিকই জ্বলে উঠলেন বাংলাদেশি লেগব্রেকার। শুক্রবারের এই ম্যাচেই বিগ ব্যাশে নিজের ক্যারিয়ারসেরা বোলিং উপহার দিয়েছেন রিশাদ।

পাওয়ার প্লেতেই আক্রমণে আসেন তিনি। প্রথম ওভারে খানিকটা সংযত বোলিং, খরচ মাত্র ৯ রান। তবে পঞ্চম ওভারের চতুর্থ বলে ছক্কা হজম করে চাপে পড়েন। সেখান থেকেই ঘুরে দাঁড়ানো। ছন্দ খুঁজতে থাকা কুপার কনোলিকে সপ্তম ওভারের দ্বিতীয় বলে ক্রিস জর্ডানের হাতে ক্যাচ বানিয়ে স্বস্তির নিশ্বাস ফেলেন রিশাদ। ওই ওভারে দেন ১০ রান।

এরপর শেষের দিকেই ম্যাচে নিজের প্রভাব বাড়ান এই লেগস্পিনার। দশম ওভারের দ্বিতীয় বলে শর্ট ফাইন লেগে মাইকেল ওয়েনের হাতে ক্যাচ হন অ্যারন হার্ডি। সেই ওভারে পার্থ তোলে মাত্র চার রান। ১৬তম ওভারে ফের বল হাতে নেন রিশাদ। শুরুতেই লরি ইভান্সের কাছে ছক্কা হজম করলেও পরের বলেই ম্যাকডারমটের গ্লাভসে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ইভান্স।

শেষ পর্যন্ত ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট, বিগ ব্যাশে এটাই রিশাদের সেরা বোলিং ফিগার। এই ম্যাচের আগে প্রথম তিন ম্যাচে তার সংগ্রহ ছিল ৩ উইকেট। সিডনি থান্ডারের বিপক্ষে অভিষেক ম্যাচে উইকেটশূন্য থাকলেও, মেলবোর্ন স্টার্সের বিপক্ষে নেন ২টি এবং রেনেগেডসের বিপক্ষে ১টি উইকেট।

চার ম্যাচ শেষে ৭.৫০ ইকোনমি রেটে রিশাদের ঝুলিতে এখন ৬ উইকেট। আত্মবিশ্বাস বাড়ছে ম্যাচে ম্যাচে। বিগ ব্যাশের মঞ্চে রিশাদ হোসেন যে আরও বড় গল্প লেখার পথে, তার ইঙ্গিত মিলছে স্পষ্টই।

এমআই