ক্রিকেটারদের কত শতাংশ পারিশ্রমিক দিল কোন ফ্র্যাঞ্চাইজি?
খেলা ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৫, ২০:১৪
বিপিএল শুরুর এক দিন আগেও পেশাদারিত্ব নিয়ে বড় প্রশ্নের মুখে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। পর্যাপ্ত স্পন্সর জোগাড় করতে ব্যর্থ হয়ে চট্টগ্রাম রয়্যালস ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে না পারার ঘটনাই আবারও সামনে এনে দিয়েছে পুরোনো সেই বিতর্ক।
নাঈম শেখ, শেখ মেহেদী, শরিফুল ইসলাম ও তানভির ইসলামদের মতো ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধে হিমশিম খেয়েছে চট্টগ্রাম। নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর আগে চুক্তিভিত্তিক পারিশ্রমিকের অন্তত ২৫ শতাংশ পরিশোধ করার কথা থাকলেও তা করতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি।
স্পন্সর সংকট ও অর্থনৈতিক ব্যর্থতার দায় নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চিঠি দিয়ে মালিকানা ছেড়ে দেয় ট্রায়াঙ্গল সার্ভিসেস। বর্তমানে চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব নিয়েছে বিসিবি। চট্টগ্রামের এই কাণ্ডের রেশ কাটতে না কাটতেই আলোচনায় আসে নোয়াখালী এক্সপ্রেসের কোচদের অনুশীলন বয়কটের খবর।
টুর্নামেন্ট শুরুর আগেই যখন সমালোচনা, বিতর্ক আর অপেশাদারিত্ব আবারও প্রকাশ্যে, তখন এবার আর ছাড় দিতে নারাজ বিসিবি। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, খেলোয়াড়দের পারিশ্রমিক ও স্বচ্ছতা প্রশ্নে কোনো আপস হবে না।
বিসিবির কড়াকড়ির ফলও মিলেছে। পারিশ্রমিক পরিশোধে এগিয়ে এসেছে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। সবার আগে ক্রিকেটারদের পারিশ্রমিকের প্রথম কিস্তির ২৫ শতাংশ পরিশোধ করেছে রাজশাহী ওয়ারিয়র্স। আরও এক ধাপ এগিয়ে ২০১৭ বিপিএলের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স, তারা স্থানীয় ক্রিকেটারদের ৫০ শতাংশ পারিশ্রমিকের চেক বুঝিয়ে দিয়েছে।
এ ছাড়া ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেসও টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের ২৫ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করেছে। সিলেট টাইটান্সও পিছিয়ে নেই। তারা ২৫ শতাংশ পারিশ্রমিক দেওয়ার পাশাপাশি ক্রিকেটারদের অগ্রিম ১৫ দিনের দৈনিক ভাতাও পরিশোধ করেছে। এখন কেবল বাকি চট্টগ্রাম।
সব প্রস্তুতি ও বিতর্কের পর ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএলের দ্বাদশ আসর। একই দিনে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস।
এমআই