বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে ৩ শঙ্কার কথা জানাল আইসিসি
খেলা ডেস্ক
১২ জানুয়ারি ২০২৬, ১৭:৫৫
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার মেঘ আরও ঘন হলো। ভারতের মাটিতে খেলতে গিয়ে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে গুরুতর শঙ্কার কথা তুলে ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চিঠি দিয়েছে আইসিসির নিরাপত্তা বিভাগ। সেই চিঠিতে তিনটি নির্দিষ্ট পর্যবেক্ষণের কথা উল্লেখ করা হয়েছে।
আজ বিকেলে বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব বিষয়ে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি জানান, বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়া নিয়ে করা মেইলের উত্তর দিয়েছে আইসিসি। যেখানে তিনটি আলাদা পর্যবেক্ষণের কথা জানিয়েছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।

আইসিসির চিঠিতে বলা হয়েছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গেলে তিনটি কারণে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয়টি হলো, বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে রাখা। চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, মোস্তাফিজ দলে থাকলে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি আরও বাড়বে।
ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘আইসিসির সিকিউরিটি টিম একটি চিঠি দিয়েছে। সেখানে বলা হয়েছে—প্রথমত, মোস্তাফিজ যদি দলে থাকে তাহলে নিরাপত্তা ঝুঁকি বাড়বে। দ্বিতীয়ত, বাংলাদেশের সমর্থকরা যদি জার্সি পরে ঘোরাফেরা করে এবং তৃতীয়ত, নির্বাচন যত এগিয়ে আসবে, নিরাপত্তা শঙ্কাও তত বাড়বে।’

আইসিসির এই পর্যবেক্ষণকে সরাসরি ‘অযৌক্তিক ও অবাস্তব’ বলে আখ্যা দেন আসিফ নজরুল। তিনি ক্ষোভ জানিয়ে আরও বলেন, ‘আমরা কি আমাদের সেরা বোলারকে বাদ দিয়ে দল করব? সমর্থকরা জার্সি পরতে পারবে না? ক্রিকেটের জন্য নির্বাচন পিছিয়ে দেব? এর চেয়ে উদ্ভট কথা আর কী হতে পারে!’
মোস্তাফিজ প্রসঙ্গ টেনে ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, আইসিসির এই চিঠিই প্রমাণ করে যে ভারতে গিয়ে বাংলাদেশের জন্য বিশ্বকাপ খেলার পরিবেশ নিরাপদ নয়। আসিফ নজরুল আরও বলেন, ‘আইসিসি নিরাপত্তা টিমের এই পর্যবেক্ষণ সন্দেহাতীতভাবে প্রমাণ করে, ভারতে গিয়ে বাংলাদেশের খেলার মতো পরিস্থিতি নেই।’
এমআই