Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশ খেলতে না গেলে কত টাকা ক্ষতি হবে ভারতের?

বাংলাদেশ খেলতে না গেলে কত টাকা ক্ষতি হবে ভারতের?

খেলা ডেস্ক

০৫ জানুয়ারি ২০২৬, ১৯:৩৩

বাংলাদেশ খেলতে না গেলে ভারতের ক্ষতির অঙ্কটা যে ছোট নয়, তা আগেই আঁচ করা যাচ্ছিল। এবার সেই হিসাবই স্পষ্ট হয়ে উঠছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের চারটি ম্যাচ ভারতের মাটিতে খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু দুই দেশের কূটনৈতিক সম্পর্কে সাম্প্রতিক টানাপোড়েন এবং নিরাপত্তা শঙ্কায় সেই ম্যাচগুলো এখন অনিশ্চিত।

নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে আইসিসির কাছে ভারতের বাইরে ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরিস্থিতি এমন যে, ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার ব্যাপারে ইতিবাচক অবস্থান নিয়েছে আইসিসি, এমন তথ্য জানিয়েছে ক্রিকেটভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ক্রিকবাজ।

ম্যাচ সরিয়ে নেওয়ার খবরে বড় আর্থিক ক্ষতির আশঙ্কায় পড়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এই উত্তেজনার পেছনে আইপিএলও কম দায়ী নয়। বিসিসিআইয়ের নির্দেশে আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান।

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়ার পর ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়ে আরও অনীহা প্রকাশ করে বিসিবি। একই সঙ্গে বাংলাদেশ সরকারও ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে দল না পাঠানোর পরামর্শ দেয়। এর প্রেক্ষিতে বাংলাদেশে আইপিএলের সব ধরনের সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশের চারটি ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতা ও মুম্বাইয়ে। ইডেন গার্ডেন্সের দর্শক ধারণক্ষমতা ৬৩ হাজার এবং ওয়াংখেড়ের ৩৩ হাজার। সব মিলিয়ে এই চার ম্যাচে প্রায় ২ লাখ ২২ হাজার দর্শক মাঠে বসে খেলা দেখার সম্ভাবনা ছিল।

বাংলাদেশের ম্যাচগুলোর টিকিটের দাম নির্ধারণ করা হয়েছিল ১০০ থেকে ৩০০ রুপির মধ্যে। যদিও আইসিসির নিয়ম অনুযায়ী টিকিট বিক্রির পুরো অর্থ পেত না বিসিসিআই, তবু ম্যাচ-ডে সারপ্লাস, স্থানীয় স্পনসরশিপ এবং হসপিটালিটি ও ভিআইপি বক্স থেকে উল্লেখযোগ্য আয়ের সুযোগ ছিল তাদের।

যদি শেষ পর্যন্ত বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়া হয় এবং কলকাতা ও মুম্বাইয়ে বিকল্প কোনো ম্যাচ আয়োজন না করা হয়, তাহলে টিকিট বিক্রি বাবদ সম্ভাব্য ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ১০ কোটি থেকে ৪০ কোটি রুপি। বাংলাদেশি টাকায় যা ১৩-৫৫ কোটি টাকা।

তবে একই ভেন্যুতে অন্য ম্যাচ বসানো গেলে ভারতের এই ক্ষতির অঙ্ক অনেকটাই কমে আসবে। সব মিলিয়ে প্রশ্নটা তাই ঘুরে ফিরে একটাই, বাংলাদেশ খেলতে না গেলে কত টাকা ক্ষতি হবে ভারতের? বর্তমান হিসাব বলছে, সেই ক্ষতি কয়েক কোটি নয়, অর্ধশত কোটির টাকার সমান।

এমআই