দলের শক্তি বাড়াতে নতুন ওপেনার নিল নোয়াখালী
খেলা ডেস্ক
০২ জানুয়ারি ২০২৬, ২৩:০২
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অভিষেকটা ভালো হয়নি নোয়াখালীর। বিপিএলে প্রথম তিন ম্যাচেই হেরেছেন খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা। এবার দলের শক্তি বাড়াতে ওপেনার মুনিম শাহরিয়ারকে দলে ভিড়িয়েছে নোয়াখালী। নিলামে দল না পেলেও এবার সরাসরি চুক্তিতে নোয়াখালীতে যোগ দিচ্ছেন এই ক্রিকেটার।
গত বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মুনিম শাহরিয়ার। এক ম্যাচ ফিফটি করার পর বাকি ম্যাচগুলোতে বলার মতো কিছু করতে পারেননি তিনি। এর আগে ২০২২ সালের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে ৬ ম্যাচে ১৭৮ রান করেছিলেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সে আলোচনায় আসেন এই ওপেনার।
সেই পারফরম্যান্সের পরই আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয়। তবে পাঁচটি ম্যাচের মধ্যেই সুযোগ সীমিত হওয়ায় জাতীয় দলে স্থায়ী হওয়া সম্ভব হয়নি। এরপরের বছর খুলনা টাইগার্স ও ঢাকার হয়ে কিছু সুযোগ পান, কিন্তু বড় কোনো পারফরম্যান্স করতে পারেননি।
গত মৌসুমে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে একটি হাফ সেঞ্চুরি সহ ৫ ম্যাচে ১৬২ রান করেছেন। তবুও নিলামে দল পেতে পারেননি। দলের বাইরে থাকার সময় মুনিম নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেছিলেন, ‘আমার পুরো জীবনে কারও কোন ক্ষতি করিনি। কারও জন্য খারাপ কিছু চাইনি। কিন্তু বাস্তবতা আমার জন্য দিনকে দিন কঠিন হয়ে যাচ্ছে।’
এবার নোয়াখালী এক্সপ্রেসের সঙ্গে যুক্ত হয়ে মুনিমের মনোবল বেড়েছে। তিন ম্যাচের সবকটিতেই ফ্র্যাঞ্চাইজিটি হেরেছে, তবুও মুনিম দলের প্রতি আস্থা প্রকাশ করেছেন। ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমার উপর বিশ্বাস রাখার জন্য নোয়াখালী এক্সপ্রেসকে ধন্যবাদ।’
এমআই