৭০৪ দিন পর বিপিএলে এমন দৃশ্য দেখা গেল
খেলা ডেস্ক
০২ জানুয়ারি ২০২৬, ২০:২৩
শক্তিমত্তা বিবেচনায় চট্টগ্রাম থেকে এগিয়ে ছিল ঢাকা ক্যাপিটালস। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে বড় দল বলতে যে কিছু নেই, সেটাই প্রমাণ করলো চট্টগ্রাম। সিলেটে নিজেদের তৃতীয় ম্যাচে ঢাকাকে ১০ উইকেটে উড়িয়ে দিল শেখ মেহেদীর দল। তাতে বিপিএলে পঞ্চমবারের বিনা উইকেটে কোনো দলের জয়ের সাক্ষী হয়েছে দর্শকরা।
ঢাকার দেওয়া ১২৩ রানের লক্ষ্য কোনো বাধা ছাড়াই টপকে যায় চট্টগ্রাম। ওপেনাররা অপরাজিত থেকেই মাঠ ছাড়েন, আর স্কোরবোর্ডে উঠে আসে একতরফা এক জয়। এর মাধ্যমে বিপিএলের ইতিহাসে আবারও ফিরল ‘১০ উইকেটের জয়’। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে যা দেখা যায়নি দীর্ঘ ৭০৪ দিন।
বিপিএলে এর আগে চারবার এমন জয় দেখা গেছে। প্রথমবার ২০১২ সালের ১০ ফেব্রুয়ারি মিরপুরে, বরিশালের বিপক্ষে ১০ উইকেটে জয় পায় ঢাকা। এরপর ২০১৫ সালের ২ ডিসেম্বর চট্টগ্রামে সুপার স্টার্সের বিপক্ষে একই কীর্তি গড়ে চট্টগ্রাম। ২০১৭ সালের ৩ ডিসেম্বর মিরপুরে সিলেটের বিপক্ষে ১০ উইকেটের জয় পায় চট্টগ্রাম।
সর্বশেষ এমন দৃশ্য দেখা গিয়েছিল ২০২৪ সালের ২৯ জানুয়ারি সিলেটে, যখন খুলনার বিপক্ষে ১০ উইকেটে জেতে চট্টগ্রাম। আর সেই তালিকায় নতুন করে যুক্ত হলো ২০২৬ সালের ২ জানুয়ারি সিলেটের ম্যাচটি। সময়ের হিসাবে, ৭০৪ দিন পর বিপিএলে বিনা উইকেটে জিতলো কোনো দল।
ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১২৩ রানের লক্ষ্য ১২.৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে টপকে যায় চট্টগ্রাম। ২০ ওভারের ম্যাচে এমন দাপুটে জয় শুধু স্কোরলাইনেই নয়, ম্যাচের নিয়ন্ত্রণেও চট্টগ্রামের শ্রেষ্ঠত্ব তুলে ধরে। পাশাপাশি টি-টোয়েন্টি দলে বড় দল বলে কিছু নেই, তা প্রমাণ হলো আরেকবার।
এমআই