নজরদারিতে নোয়াখালীর কোচ
খেলা ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৫, ২১:৪২
বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের নজরদারিতে রয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নোয়াখালী এক্সপ্রেসের কোচ নিয়াজ খান। আগের আসরে তিনি ঢাকা ক্যাপিটালসের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ ছিলেন, এবার সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। নবাগত দলের তিনটি ম্যাচ শেষে তার কর্মকাণ্ড নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
মূলত বড় পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা না থাকলেও ২০১৯-২০ মৌসুম থেকে বিপিএলে কাজ করছেন নিয়াজ। মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে আফগানিস্তানের ক্রিকেটে প্রতিভা অনুসন্ধানের কথা নিয়মিত প্রচার করেন তিনি। এমনকি এশিয়া কাপেও আফগানিস্তান দলের সঙ্গে যুক্ত থাকার দাবি করেছিলেন, যদিও দেশটির ক্রিকেট বোর্ড তা অস্বীকার করেছে।
মিথ্যা তথ্যের ওপর ভর করে বিপিএলে কাজ করা এই কোচের গতিবিধি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিপিএলের ইন্টিগ্রিটি ইউনিট। সংস্থাটির প্রধান অ্যালেক্স মার্শাল এ বিষয়টি খতিয়ে দেখছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।
মিঠু বলেন, ‘আমাদের একটি স্বতন্ত্র কমিটি আছে। অ্যালেক্স মার্শাল প্রধান। ইতোমধ্যে অনেক দলকে নির্দেশ দেওয়া হয়েছে যে, নির্দিষ্ট কেউ দলের সঙ্গে থাকতে পারবে না। নিয়াজ খানের ইস্যু আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। আপনাদের সামনে হয়ত আসেনি কিন্তু এরকম হয়েছে অনেক দলকে নির্দেশ দেওয়া হয়েছে, তাদের কেউ দলের সঙ্গে থাকতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘এখানে জিরো টলারেন্স নীতি রয়েছে। সেই জিরো টলারেন্সের জন্যই কিন্তু আপনারা হঠাৎ হঠাৎ করে দেখছেন...খেলোয়াড়দের টাকা দেওয়ার পরও যদি পরিস্থিতি সন্দেহজনক হয়, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। এজন্য হঠাৎ করেই পরিবর্তন করা হয়েছে।’
এমআই