Advertisement
Us Bangla Airlines
নতুন পেস বোলিং কোচ হলেন লাসিথ মালিঙ্গা

নতুন পেস বোলিং কোচ হলেন লাসিথ মালিঙ্গা

খেলা ডেস্ক

৩০ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৮

শ্রীলঙ্কার পেস আক্রমণে ফিরছে চেনা আগুন। বল হাতে যিনি একসময় বিশ্ব ক্রিকেট কাঁপিয়েছেন, সেই লাসিথ মালিঙ্গাই এবার নতুন ভূমিকায়। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে অভিজ্ঞ এই পেসারকে জাতীয় দলের পেস বোলিং কনসালটেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)।

এসএলসির সঙ্গে স্বল্পমেয়াদি চুক্তি সেরেছেন লাসিথ মালিঙ্গা, যার মেয়াদ এক মাস। আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৫ জানুয়ারি পর্যন্ত জাতীয় দলের পরিকল্পনায় থাকা পেস বোলারদের নিয়ে কাজ করবেন তিনি। এই চুক্তির মূল লক্ষ্য, বিশ্বকাপের আগে বোলিং আক্রমণকে আরও শানিত করা।

কোচ হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে মালিঙ্গার অভিজ্ঞতা খুব বেশি না হলেও খেলোয়াড় হিসেবে তার অর্জনের ঝুলি ভারী। আন্তর্জাতিক ক্রিকেটে বছরের পর বছর ধরে ডেথ ওভারে তার ইয়র্কার, স্লিঙ্গি অ্যাকশন আর স্নায়ুক্ষয়ী স্পেল প্রতিপক্ষের জন্য ছিল দুঃস্বপ্ন। সেই অভিজ্ঞতাই এবার কাজে লাগাতে চায় লঙ্কান বোর্ড।

বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে ডেথ ওভারের বোলিং নিয়ে আলাদা গুরুত্ব দিচ্ছেন মালিঙ্গা। শেষের ওভারগুলোতে কীভাবে চাপ সামলে উইকেট নেওয়া যায়, রান নিয়ন্ত্রণে রাখা যায়, এসব নিয়েই বোলারদের নিবিড় অনুশীলন করাবেন তিনি।

আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের, যার সহ-আয়োজক শ্রীলঙ্কা। ঘরের মাঠে হতে যাওয়া এই বৈশ্বিক আসরের আগে প্রস্তুতিকে আরও শক্তিশালী করতেই মালিঙ্গাকে টিম ম্যানেজমেন্টে যুক্ত করেছে এসএলসি। লঙ্কান সমর্থকদের আশা, পুরোনো সেই মালিঙ্গা-জাদু নতুন প্রজন্মের পেসারদের হাত ধরে এবার ছড়িয়ে পড়বে।

এমআই