পাকিস্তান সিরিজ নিয়ে বিসিবির নতুন সিদ্ধান্ত
খেলা ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৫, ২০:৪৫
আগামী বছরের মার্চ-এপ্রিলে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা পাকিস্তান ক্রিকেট দলের। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, এই সফরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুটি টেস্টের পাশাপাশি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু এর মাঝেই তৈরি হয়েছে শঙ্কা।
গত রোববার পিএসএলের সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত সূচি অনুযায়ী, ২৬ মার্চ শুরু হয়ে ৩ মে পর্যন্ত চলবে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। ফলে পিএসএলের সঙ্গে সাংঘর্ষিক হয়ে পড়েছে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের নির্ধারিত সিরিজ। তাতে বাবরদের সফরটি এবার একটানা হচ্ছে না।
পিএসএলের কারণে সিরিজটি দুই ভাগে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দুই বোর্ড। ফলে পাকিস্তানের টি-টোয়েন্টি টুর্নামেন্টটি শুরুর আগে এবং পরে ভাগ করে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘পিএসএলের কারণে পাকিস্তান সিরিজের সময় পরিবর্তন করতে হচ্ছে। টুর্নামেন্টের আগে ও পরে দুই ভাগে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হবে।’
তিনি আরও জানান, সিরিজের ম্যাচসংখ্যা অপরিবর্তিত থাকবে। তবে কোন ফরম্যাটের ম্যাচ আগে হবে, ওয়ানডে নাকি টি-টোয়েন্টি; সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি দুই দলের প্রস্তুতি ও পরিকল্পনার ওপর নির্ভর করবে। এ নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি কোনো বোর্ড।
এমআই