ভারতকে হারিয়ে কত টাকা পেলেন হামজারা
খেলা ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৫, ২১:২৫
এশিয়ান কাপ বাছাইয়ে ১৮ নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে ১-০ গোলের ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ। ২২ বছরের অপেক্ষার পর অধরা জয় নিয়ে উচ্ছ্বসিত ছিল পুরো বাংলাদেশ। বোনাসের ঘোষণাও পেয়েছিলেন জামাল-হামজারা। অবশেষে ২ কোটি টাকার বোনাস বুধবার আনুষ্ঠানিকভাবে বুঝে পেল জাতীয় ফুটবল দল।
জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে সংস্থার পরিচালক (প্রশিক্ষণ) লাবণী চাকমার কাছ থেকে চেক গ্রহণ করেন অধিনায়ক জামাল ভূঁইয়া, দলের ম্যানেজার আমের খান ও বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। সিদ্ধান্ত অনুযায়ী, ম্যাচের স্কোয়াডে থাকা ২৩ ফুটবলার, হেড কোচ ও ম্যানেজার পেয়েছেন ৭ লাখ; কোচিং স্টাফের বাকিরা পেয়েছেন ৫ লাখ টাকা।
তবে আনন্দের মাঝেই দাগ কেটেছে কিছু বঞ্চনার গল্প। দলের অবিচ্ছেদ্য অংশ টিম অ্যাটেনডেন্ট মো. মহসীন, যিনি ২০০৩ সালের ভারতের বিপক্ষে সাফ সেমিফাইনালের জয়ের সময়ও ছিলেন দলের সঙ্গে। এবারও ছিলেন লড়াইয়ের মাঝখানে, কিন্তু পুরস্কার পাননি। একই অবস্থা ভিডিও অ্যানালিস্ট, মিডিয়া ম্যানেজার আর টিম ডাক্তারেরও।
বোনাস বিতরণ প্রসঙ্গে ম্যানেজার আমের জানান, ‘ফেডারেশন ৪০ জনের একটি তালিকা পাঠিয়েছিল। ক্যাম্পে থাকা কয়েকজন খেলোয়াড়ের নামও ছিল, কারণ তারাও দলের অংশ। আজ এনএসসি থেকে আমরা ৩০ জনের চেক পেয়েছি।’
তবে এর উল্টো জবাব দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম। তিনি বলেন, ‘যারা ভারত ম্যাচে সরাসরি সম্পৃক্ত এবং অবদান রেখেছেন, মন্ত্রণালয়ের নীতিনির্ধারকরা কেবল তাদেরই বিবেচনায় নিয়েছে।’
নারী ফুটবলের দিকে তাকালেও দেখা যায় ভিন্ন ছবি। সাফ চ্যাম্পিয়ন দলের বোনাস ১ কোটি ৫০ লাখ, এশিয়ান কাপ বাছাই পাস করা দল পেয়েছে ৫০ লাখ। দুই ক্ষেত্রেই মিডিয়া ম্যানেজার, ভিডিও অ্যানালিস্ট, টিম ডাক্তার সবারই ছিল ন্যায্য ভাগ। পুরুষ ফুটবলে এবার কেন সেই ধারাবাহিকতা থাকল না, সেই প্রশ্ন রয়ে গেল উত্তরহীন।
এমআই