Advertisement
Us Bangla Airlines
১৮৪ উইকেট শিকার করা বোলারকে দলে ফেরাল আফগানিস্তান

১৮৪ উইকেট শিকার করা বোলারকে দলে ফেরাল আফগানিস্তান

খেলা ডেস্ক

৩১ ডিসেম্বর ২০২৫, ২৩:০২

অবশেষে অভিজ্ঞতার দিকেই ফিরল আফগানিস্তান। টি-টোয়েন্টিতে ১৪৮ ম্যাচে ১৮৪ উইকেট নেওয়া পেসার ফজলহক ফারুকিকে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ফেরানো হয়েছে। সাম্প্রতিক বাজে ফর্মে জাতীয় দল থেকে ছিটকে পড়লেও বিশ্বকাপের মতো বড় মঞ্চে তাকে রেখেই দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

রশিদ খানের নেতৃত্বে ঘোষিত ১৫ সদস্যের দলে ফারুকির সঙ্গে ফিরেছেন নাভিন-উল-হক, মুজিব-উর রহমান ও গুলবাদিন নাইব। ২০২৪ বিশ্বকাপে প্রথমবার সেমিফাইনালে খেলা আফগানিস্তান এবারও অভিজ্ঞ ক্রিকেটারদের ওপর ভরসা রাখছে।

গত অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে সিরিজে ফজলহক ফারুকি দলে ছিলেন না। এর আগে টি-টোয়েন্টি এশিয়া কাপেও তিনি ছিলেন অফফর্মে। তবু টি-টোয়েন্টিতে ধারাবাহিক উইকেটশিকারি হিসেবে তার অভিজ্ঞতাই বিশ্বকাপ স্কোয়াডে ফেরার মূল কারণ।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ‘ডি’ গ্রুপে আফগানিস্তানের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা। ৮ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে রশিদ খানের দল।

বিশ্বকাপের আগে একই স্কোয়াড নিয়ে ১৯–২২ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। যেখানে আবারও নজর থাকবে ১৮৪ উইকেটের এই বোলারের পারফরম্যান্স। চলমান আইএল টি-টোয়েন্টিতে ইতোমধ্যে ৯ ম্যাচে ১০ উইকেট শিকার করেছেন ফারুকি।

এমআই