বিপিএলের স্থগিত ম্যাচ নিয়ে নতুন তথ্য দিল বিসিবি
খেলা ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৫, ১৬:২৬
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিপিএলের নির্ধারিত দুটি ম্যাচ স্থগিত করা হয়। প্রথমে জানানো হয়েছিল, ম্যাচ দুটি আজ বুধবার অনুষ্ঠিত হবে। তবে কয়েক ঘণ্টার ব্যবধানে সেটাও পাল্টিয়ে ৪ জানুয়ারি করা হয়। এবার সেই স্থগিত ম্যাচ আয়োজনের সময় জানাল বিসিবি।
বুধবার বিসিবির সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়। এতে জানানো হয়, স্থগিত হওয়া ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী ৪ জানুয়ারি। এর মধ্যে সিলেট-চট্টগ্রামের ম্যাচটি বেলা একটা ও ঢাকা-রংপুরের ম্যাচটি সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। ৩০ তারিখের টিকিট দিয়ে এই দুই ম্যাচ দেখা যাবে বলেও জানিয়েছে বিসিবি।
এর আগে গতকাল এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, ৩০ ডিসেম্বর স্থগিত হওয়া ম্যাচগুলো সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামেই ৪ জানুয়ারি আয়োজন করা হবে। তবে ম্যাচ শুরুর সময় তখন প্রকাশ করা হয়নি। তবে নিশ্চিত করা হয়েছিল, ১ ও ২ জানুয়ারির পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সিলেট পর্বের ম্যাচগুলো যথারীতি অনুষ্ঠিত হবে।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে দুপুর ১টায় সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালস এবং সন্ধ্যা ৬টায় রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হওয়ার কথা ছিল। এই দুই ম্যাচই পিছিয়ে গেছে ৪ জানুয়ারিতে। ফলে ৫ জানুয়ারি চট্টগ্রাম পর্ব শুরু হওয়ার যে পরিকল্পনা ছিল, সেটিও বাতিল হওয়ার পথে।
এমআই