বিগ ব্যাশে ১৫ উইকেট নিয়েও কেন সন্তুষ্ট নন রিশাদ
খেলা ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৫৯
স্বপ্নের মতো এক বিগ ব্যাশ লিগ কাটিয়ে দেশে ফিরেছেন রিশাদ হোসেন। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেছেন তরুণ লেগ স্পিনার। ১২ ম্যাচে নিয়েছেন ১৫ উইকেট। কিন্তু এতেও সন্তুষ্ট নন রিশাদ হোসেন। কেন? উত্তরটা দিলেন নিজেই।
অদম্য টি–টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে বিগ ব্যাশে নিজের অভিজ্ঞতার কথা বলেন রিশাদ। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দুরন্তের বিপক্ষে ম্যাচে ধূমকেতুর জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। সদ্য অস্ট্রেলিয়া থেকে ফেরা এই স্পিনার ৪ ওভারে ২১ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।
বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে খেলার অভিজ্ঞতা নিয়ে রিশাদ বলেন, ‘বিগ ব্যাশ আর বাংলাদেশের কন্ডিশন এক না, খেলার পরিবেশও একেবারেই আলাদা। ওগুলো চিন্তা করলে আমাদের তো অনেক কিছু হবে না। তবে যদি চিন্তা করি পরিবেশটা, আমার মনে হয় আমরা আরও একটু উন্নত করতে পারি।’
অস্ট্রেলিয়ার ক্রিকেট সংস্কৃতি তাঁকে বিশেষভাবে মুগ্ধ করেছে। সে প্রসঙ্গে রিশাদ বলেন, ‘ওরা অনেক বিনয়ী। যত বড় ক্রিকেটারই হোক না কেন, সবাই সহজ-সরল। যে কাউকেই আরামসে অ্যাডজাস্ট করে ফেলে। বড়-ছোট দেখে না। এটা আমার খুব ভালো লেগেছে, আমিও ওরকম হওয়ার চেষ্টা করব।’
বিগ ব্যাশে রিশাদ ছিলেন হোবার্টের নিয়মিত সদস্য। তাঁর বোলিংয়ে ভর করেই দলটি উঠেছিল দ্বিতীয় কোয়ালিফায়ারে। বাংলাদেশ থেকে শুরু করে অস্ট্রেলিয়া—সবখানেই কুড়িয়েছেন প্রশংসা। তবু নিজের পারফরম্যান্সে পুরোপুরি খুশি নন তিনি। কারণটা একদম সোজাসাপ্টা ভাষায় জানালেন, ‘চ্যাম্পিয়ন হলে সন্তুষ্ট হতাম।’
এই রিশাদই বছর দুয়েক আগেও জাতীয় দলে নিয়মিত সুযোগ পেতেন না। সেই সময়টা আজও তাঁকে শিখিয়ে গেছে অনেক কিছু। রিশাদ বলেন, ‘যখন খেলতে পারতাম না, তখনও সেটা আমার জন্য লার্নিং ছিল। ওই সময়টায় অনেক কিছু এক্সপেরিয়েন্স করেছি, নিজেকে গড়ে তুলতে পেরেছি।’
এমআই