অবসরের ঘোষণা দিলেন ৮ বিশ্বকাপজয়ী ক্রিকেটার
খেলা ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৬, ২২:৫৩
সাফল্য, রেকর্ড আর অদম্য লড়াইয়ের গল্পকে সঙ্গী করেই ক্রিকেটকে বিদায় বললেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যালিসা হিলি। সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশটির এই তারকা উইকেটরক্ষক-ব্যাটার। আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারতের বিপক্ষে ঘরের মাঠের সিরিজই হবে তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ অধ্যায়।
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবেন হিলি। এরপর পার্থে দিন-রাতের টেস্ট ম্যাচটিই হবে তাঁর ক্যারিয়ারের শেষ ম্যাচ। তবে টি–টোয়েন্টি সিরিজে খেলবেন না তিনি। আসন্ন বিশ্বকাপের কথা ভেবে নতুনদের সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত। জনপ্রিয় ‘উইলো টক’ পডকাস্টে হিলি নিজেই বিষয়টি জানিয়েছেন।
এই অবসর অনেকের কাছেই চমক। মাত্র আড়াই মাস আগে ওয়ানডে বিশ্বকাপ শেষ হয়েছে, সামনে ছিল টি–টোয়েন্টি বিশ্বকাপও। ধারণা করা হচ্ছিল, বড় মঞ্চে খেলেই হয়তো বিদায় নেবেন হিলি। কিন্তু ৩৫ বছর বয়সী এই তারকা থামলেন আরও আগেই।
অবসরের কারণ ব্যাখ্যা করতে গিয়ে শুরুতে মজা করলেও পরে সিরিয়াস সুরে কথা বলেন হিলি। তিনি বলেন, ‘অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। গত কয়েক বছর মানসিকভাবে আমাকে ভীষণভাবে শুষে নিয়েছে। চোটও কম ভোগাতে হয়নি। আগের মতো সবটুকু উজাড় করে দেওয়া দিন দিন কঠিন হয়ে উঠছিল।’
নিজের প্রতিযোগিতামূলক মানসিকতার কথাও তুলে ধরেন হিলি। তিনি আরও বলেন, ‘আমি সবসময় মাঠে নামতে চাই লড়াই করার মানসিকতা নিয়ে, জিততে চাই। বয়সের প্রভাব কিছুটা টের পাচ্ছি। সব তাড়না হারাইনি, তবে কিছুটা কমেছে—এটা অস্বীকার করার উপায় নেই।’
অস্ট্রেলিয়ার হয়ে ১০ টেস্ট, ১২৩ ওয়ানডে ও ১৬২ টি–টোয়েন্টি খেলেছেন হিলি। তাঁর ঝুলিতে ছয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও দুটি ওয়ানডে বিশ্বকাপের শিরোপা। আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন দুইবার, হয়েছেন অস্ট্রেলিয়ার বর্ষসেরা নারী ক্রিকেটারও। উইকেটের সামনে ও পেছনে গড়েছেন অসংখ্য রেকর্ড।
এমআই