সল্ট-লাথামের সঙ্গে আলোচনা, নতুন ক্রিকেটার আনছে চট্টগ্রাম
খেলা ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৬, ২২:১০
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মাঠে নামার ঠিক এক দিন আগে বড় ধাক্কা খেয়েছিল চট্টগ্রাম রয়্যালস। আসরের শুরুতেই মালিকানা ছেড়ে দেয় ট্রায়াঙ্গেল সার্ভিসেস গ্রুপ, এরপর দলটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে অস্থিরতার সেই গল্প দ্রুতই রূপ নেয় আত্মবিশ্বাসে। দুর্দান্ত পারফরম্যান্সে প্লে-অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম।
সিলেট পর্বে ৭ ম্যাচের ৫টিতেই জয় তুলে নিয়ে ১৪ পয়েন্ট সংগ্রহ করেছে দলটি। পয়েন্ট টেবিলে আপাতত তারা রয়েছে দ্বিতীয় স্থানে। এই সাফল্যের পেছনে বড় অবদান ছিল উইকেটরক্ষক-ব্যাটার অ্যাডাম রসিংটনের। ৬ ম্যাচে ২৫৮ রান করে চট্টগ্রামের ব্যাটিং লাইনআপের ভরসা হয়ে উঠেছিলেন এই ইংলিশ ক্রিকেটার।
চট্টগ্রামের সুখটা বেশিদিন টিকেনি। আঙুলের চোটে চলতি আসর থেকেই ছিটকে গেছেন অ্যাডাম রসিংটন। তার অনুপস্থিতি বড় ধাক্কা হলেও থেমে থাকছে না চট্টগ্রাম। তার বিকল্প খুঁজতে ইংল্যান্ডের তারকা ব্যাটার ফিল সল্ট ও অ্যাডাম লাথামের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন।
আজ (মঙ্গলবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাশার বলেন, ‘রসিংটন যেভাবে ব্যাটিং করত, আমাদের পুরো ব্যাটিংটাই ওকে ঘিরে আবর্তিত হতো। নাঈম শেখও ওকে পাশে পেয়ে স্বাচ্ছন্দ্যবোধ করত। ওর না থাকাটা নিঃসন্দেহে বড় ধাক্কা। তবে এটা নিয়ে বেশি ভেবে লাভ নেই। বিকল্প খেলোয়াড় তো নিতেই হবে।’
সল্ট ও লাথামকে পাওয়ার চেষ্টা হলেও বাস্তবতা ভিন্ন বলে জানালেন বাশার। তিনি বলেন, ‘লাথাম, ফিল সল্টসহ কয়েকজন বড় খেলোয়াড়ের সঙ্গে কথা হয়েছে। কিন্তু এই মুহূর্তে ওদের পাওয়া সম্ভব নয়।’ টম লাথাম বর্তমানে সুপার স্ম্যাশ খেলছেন এবং ফিল সল্ট সম্প্রতি আইএল টি-টোয়েন্টিতে খেলেছেন।
তবে বিকল্প হিসেবে পাকিস্তানের ওপেনার ও উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ হারিসের সঙ্গে আলোচনা অনেকটাই এগিয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন হাবিবুল বাশার সুমন। সংবাদ সম্মেলনে আরও বলেন, ‘এই মুহূর্তে আমরা মোহাম্মদ হারিসের সঙ্গে কথা বলছি। আলোচনা ভালো পর্যায়ে আছে। সম্ভবত হারিসই আসবে।’
এমআই