Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে যা বললেন বিসিসিআই সচিব

বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে যা বললেন বিসিসিআই সচিব

খেলা ডেস্ক

১০ জানুয়ারি ২০২৬, ১৮:৫৫

নিরাপত্তা শঙ্কা ঘিরে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখন মুখ খুলল ভারতীয় ক্রিকেট বোর্ড। এতদিন এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না দিলেও, এবার কথা বললেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। তবে সিদ্ধান্তের ভার নিজেদের কাঁধে না নিয়ে বিষয়টি পুরোপুরি আইসিসির কোর্টেই ঠেলে দিল বিসিসিআই।

শুক্রবার মুম্বাইয়ে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্সের কার্যক্রম পর্যালোচনা সংক্রান্ত এক বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন দেবজিৎ সাইকিয়া। সেখানে উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি মিঠুন মানহাস, সহ-সভাপতি রাজীব শুক্লা ও সেন্টার অব এক্সেলেন্সের প্রধান ভিভিএস লক্ষ্মণ।

বাংলাদেশের বিশ্বকাপে খেলা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে বিসিসিআই সচিব বলেন, ‘আজকের বৈঠকের মূল বিষয় ছিল সেন্টার অব এক্সেলেন্স এবং অন্যান্য ক্রিকেট সংক্রান্ত বিষয়। বাংলাদেশ বিশ্বকাপে খেলবে কি খেলবে না—এটা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি।’

এদিকে বিষয়টি নিয়ে তৎপর ভারত সরকারও। টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা গেছে, ভারতের কেন্দ্রীয় সরকার পুরো পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে এবং নিয়মিত বিসিসিআইয়ের সঙ্গেও যোগাযোগ করছে। তবে বাংলাদেশ সরকার চূড়ান্ত অবস্থান স্পষ্ট না করা পর্যন্ত ভারত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেখাবে না।

সূত্র জানায়, বাংলাদেশ যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে চায় কিংবা ভেন্যু পরিবর্তনের দাবি তোলে, সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত হিসেবেই দেখা হবে। ভারতীয় সরকারের এক সূত্র বলছে, ‘এটি একটি বহুজাতিক টুর্নামেন্ট। অলিম্পিক চার্টার অনুযায়ী ভারত সব অংশগ্রহণকারী দেশকে স্বাগত জানায়। প্রথম সিদ্ধান্তটি ঢাকাকেই নিতে হবে।’

ভারত সরকার আরও স্পষ্ট করেছে, পাকিস্তান ও বাংলাদেশের বিষয়টি এক নয়। পাকিস্তানের ক্ষেত্রে ভারতের নির্দিষ্ট ক্রীড়া নীতি রয়েছে। তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ নয়, কেবল বহুজাতিক টুর্নামেন্টে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজন। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এমন কোনো নীতিগত বাধা নেই।

এমআই