নোয়াখালীর হারের ‘হেক্সা’, জিতেই চলেছে রাজশাহী
খেলা ডেস্ক
০৮ জানুয়ারি ২০২৬, ১৬:৪৯
পরাজয়ের বৃত্ত থেকে উত্তরণের সুযোগ পাচ্ছে না নোয়াখালী এক্সপ্রেস। এক ম্যাচ, দুই ম্যাচ নয়—হারের সারিতে এবার যোগ হলো ছয়টি ম্যাচ। বিপিএলে টানা ছয় ম্যাচ হেরে কোচ সুজনের দলের জন্য পরাজয়ের ‘হেক্সা’ যেন হয়ে উঠল অনিবার্য নিয়তি। নোয়াখালীর হতাশার দিনে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।
বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে শুরুতে ব্যাট করে নোয়াখালী এক্সপ্রেস। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ১৫১ রান করে হায়দার আলীর দল। নোয়াখালীর হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন ওপেনার সৌম্য সরকার। জবাবে ৬ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয় তুলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।
মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে রাজশাহীকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার। উদ্বোধনী জুটিতে মোহাম্মদ ওয়াসিম ও তানজিদ হাসান তামিম মিলে পাঁচ ওভারে করেন ৪৭ রান। ২১ রান করে আউট হন তানজিদ। তিনে নেমে এক রান করেই আউট হয়েছেন নাজমুল হোসেন শান্ত। আর মুশফিকুর রহিম করেছেন ২২ বলে ১৯ রান।

তবে রাজশাহীর হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই ফিফটি তুলে নিয়েছেন ওপেনার মোহাম্মদ ওয়াসিম। বিতর্কিত রান আউটে কাটা পড়ার আগে ৩৫ বলে করেছেন ৬০ রান। এরপর ৯ রানে ইয়াসির ও ৮ রানে এসএম মেহেরব আউট হন। শেষদিকে তানজিম সাকিবকে নিয়ে জয় নিশ্চিত করেন রায়ান বার্ল। ১৯ রানে বার্ল ও ১ রানে তানজিম অপরাজিত থাকেন।
নোয়াখালীর হয়ে একাই তিন উইকেট শিকার করেছেন বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা। এছাড়া হাসান মাহমুদ ও মোহাম্মদ নবী একটি করে উইকেট পেয়েছেন।
এর আগে শুরুতে ব্যাট করা নোয়াখালীর ইনিংস সূচনা ছিল ধীরগতির। পাওয়ার প্লের ৬ ওভারে কোনো উইকেট না হারালেও স্কোরবোর্ডে ওঠে কেবল ৪১ রান। দলীয় ৫৭ রানে শাহাদাত হোসেন দীপুকে হারায় তারা। ২৮ বলে ৩০ রান করে ফিরেছেন দীপু। এরপর শান্তের বলে মারতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন মাজ সাদাকাত (১৩ বলে ৭)।

তবে এক প্রান্ত আগলে রেখে ইনিংস এগিয়ে নেন সৌম্য সরকার। আগের দুই ম্যাচে ব্যর্থতার পর তৃতীয় ম্যাচেই জ্বলে ওঠেন বাঁহাতি এই ওপেনার। ৪৩ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় করেন ইনিংসসেরা ৫৯ রান, তুলে নেন এবারের বিপিএলে নিজের প্রথম হাফসেঞ্চুরি।
মাঝের ওভারে কিছুটা গতি আনার চেষ্টা করেন মোহাম্মদ নবী। ২৬ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩৫ রান করেন তিনি। মাহিদুল অঙ্কন ৫ বলে যোগ করেন ১০ রান। তবে অধিনায়ক হায়দার আলির ব্যাটে আসে মাত্র ৬ বলে ৩ রান। সবমিলিয়ে নির্ধারিত ২০ ওভারে নোয়াখালীর সংগ্রহ দাঁড়ায় টেনেটুনে ১৫১ রান।
রাজশাহীর বোলারদের মধ্যে রিপন মন্ডল ছিলেন সবচেয়ে সফল। ৪ ওভারে ২৭ রান দিয়ে নেন ২টি উইকেট। এ ছাড়া নাজমুল হোসেন শান্ত, বিনুরা ফার্নান্দো ও হাসান মুরাদ একটি করে উইকেট শিকার করে নোয়াখালীর ইনিংসকে মাঝারি পুঁজি পর্যন্তই আটকে রাখেন।
এমআই